সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের শিরশ্ছেদের ঘটনায় বিস্তারিত তথ্য চেয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। একইসঙ্গে কনস্যুলার কর্মকর্তাদের গাফিলতি খতিয়ে দেখার সুপারিশও করা হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোর কার্যক্রম ও জনবল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এসময় পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ ও সৌদি আরবের বর্তমান সম্পর্ক, মিশনগুলোর প্রধান কার্যক্রম, প্রাতিষ্ঠানিক সহযোগিতা, দ্বিপক্ষীয় বাণিজ্য, কর্মসংস্থান ও রেমিট্যান্স, শ্রমবাজারের প্রধান চ্যালেঞ্জ ও সম্ভাবনা, রিয়াদে বাংলাদেশ দূতাবাস ও জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের শ্রমকল্যাণ সেবা এবং হজ কার্যক্রম বিষয়ে একটি উপস্থাপনা দেয়।
সম্প্রতি সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের শিরশ্ছেদের বিষয়ে কমিটি জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষের কাছে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনার পূর্ণ বিবরণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে গৃহীত পদক্ষেপ সম্পর্কে কমিটিকে অবহিত করার সুপারিশ করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট কনস্যুলার কর্মকর্তাদের দায়িত্ব পালনে কোনো গাফিলতি পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধে গৃহীত ব্যবস্থার বিষয়েও কমিটিকে জানানোর সুপারিশ করা হয়।
সৌদি আরবে বাংলাদেশ মিশনগুলোর সেবার মানোন্নয়নে মন্ত্রণালয়ের বিস্তারিত আধুনিকায়ন পরিকল্পনা কমিটির কাছে উপস্থাপনের সুপারিশ করা হয়। এছাড়া সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কর্মরত নারী শ্রমিকদের সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে মন্ত্রণালয়কে সুপারিশ করে কমিটি।
বৈঠকের শুরুতে কমিটির দ্বিতীয় বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা হয় এবং ওই বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়।
১৫৩তম আইপিইউ সম্মেলনে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ এবং কমিটির সভাপতির আইপিইউ নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান কমিটির সভাপতি। সম্প্রতি কমিটির সদস্যদের কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আনুষঙ্গিক সহযোগিতার জন্যও মন্ত্রণালয়কে ধন্যবাদ জানানো হয়।
বৈঠকে কমিটির সদস্য এ বি এম মোশাররফ হোসেন, এস কে আজিজুল বারী, সাঈদ আল নোমান, হুমাম কাদের চৌধুরী ও সানজিদা ইসলাম অংশ নেন। কমিটির বিশেষ আমন্ত্রণে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরও বৈঠকে যোগ দেন।
এমএইচএইচ/এএইচ




