শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা

ইজিবাইকের নীতিমালাসহ ১২ দাবিতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ পিএম

শেয়ার করুন:

ইজিবাইকের নীতিমালাসহ ১২ দাবিতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা
পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সভায় নেতৃবৃন্দ।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কর্তৃক লাইসেন্স ও যৌক্তিক নীতিমালাসহ ১২ দফা দাবি বাস্তবায়নে আগামী ৯ নভেম্বর দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন। পাশাপাশি, একই দিন প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপিও প্রদান করবে সংগঠনটি।

শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১১টায় রাজধানীর পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সভায় এই কর্মসূচি ঘোষণা দেওয়া হয়।

সভায় সংগঠনের নেতারা বলেন, ‘বর্তমান সরকারের ভুল নীতি ও কৌশল দেশের বিদ্যমান গণতান্ত্রিক ও অর্থনৈতিক সংকট নিরসন করার পরিবর্তে আরও গভীর ও ঘনীভূত করে তুলছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও শ্রমজীবী মানুষের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির ফলে রিকশা, ভ্যান ও ইজিবাইক চালকরা চরম দুর্বিষহ জীবনযাপন করছেন। এ অবস্থায় শ্রমজীবী মানুষের রুটি-রুজির সুরক্ষায় অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।’

সংগঠনের সভাপতি আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে সভায় সহ-সভাপতি সুমন মৃধা, সাধারণ সম্পাদক আব্দুল হাকিম মাইজভান্ডারি, যুগ্মসাধারণ সম্পাদক আরিফুল ইসলাম নাদিম, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম সমীর, কেন্দ্রীয় কমিটির সদস্য কামাল হোসেন, অরুণ কুমার শীল, আব্দুল জলিল, সৈয়দ শহীদুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।

সভায় নেতারা আরও বলেন, ‘সরকার সুকৌশলে বৃহৎ পুঁজির স্বার্থে ব্যাটারিচালিত যানবাহন ও চার্জিং গ্যারেজসমূহ উচ্ছেদ করছে। অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার নামে বাণিজ্যিক রেটে বিল পরিশোধিত বিদ্যুৎ মিটার সংযোগ বিচ্ছিন্ন করছে, যা গ্যারেজ উচ্ছেদে তাদের গোপন বাসনার প্রকাশ।’

নেতারা সভা থেকে অবিলম্বে বাণিজ্যিক রেটে বিল পরিশোধিত বিদ্যুৎ মিটার সংযোগ বিচ্ছিন্ন বন্ধের দাবি করেন। একই সঙ্গে সংকট নিরসনে শ্রমিক ইউনিয়নের ১২ দফা দাবি বাস্তবায়নের দাবিও জানান।

সভায় কামাল হোসেনকে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব প্রদান ও আব্দুর রাজ্জাকে কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে কো-আপ্ট করা হয়।

এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর