ব্যাটারিচালিত অটোরিকশার জন্য পৃথক লেন, বুয়েটের নকশা অনুযায়ী আধুনিকায়ন, নিরাপদ বডি ও উন্নত ব্রেকিং ব্যবস্থা চালুসহ ১০ দফা দাবি জানিয়েছে ঢাকা মহানগর ব্যাটারিচালিত অটোরিকশা মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
রোববার (২০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এসব দাবি জানান।
সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি এস এম আবু বকর বলেন, রাজধানী ঢাকাসহ সারা দেশে লাখ লাখ শ্রমজীবী মানুষের জীবিকা ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে যুক্ত। প্রায় সাড়ে তিন কোটি মানুষের যাতায়াতেও এসব যান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ঢাকা মহানগরের ৮ থেকে ১৩টি পয়েন্ট দিয়ে প্রতিদিন হাজার হাজার অটোরিকশা ঢাকায় প্রবেশ করে, দিনভর চলাচল করে এবং সন্ধ্যায় বের হয়ে যায়। এসব যানবাহনের প্রবেশ ও চলাচল পরিকল্পিতভাবে নিয়ন্ত্রণ করা হলে যানজট কমানো সম্ভব।
সংগঠনটির দাবিগুলোর মধ্যে রয়েছে বুয়েটের নকশা অনুযায়ী অটোরিকশার আধুনিকায়ন করে নিরাপদ বডি, উন্নত ব্রেকিং ব্যবস্থা ও ফিটনেস সনদ নিশ্চিত করা। সিটি করপোরেশন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) মাধ্যমে অটোরিকশার বাণিজ্যিক লাইসেন্স, নিবন্ধন ও রুট পারমিট চালুর দাবিও জানানো হয়েছে।
চালকদের বাধ্যতামূলক ট্রাফিক প্রশিক্ষণ দিয়ে বিশেষ ড্রাইভিং লাইসেন্স বা স্মার্ট কার্ড দেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি। প্রতিটি অটোরিকশা গ্যারেজে ডি-৩ শ্রেণির বৈধ বিদ্যুৎ সংযোগ ও স্মার্ট প্রিপেইড মিটার স্থাপন এবং অটোরিকশায় বৈধ বিদ্যুৎ সরবরাহ ও রাজস্ব আদায় নিশ্চিত করার দাবিও রয়েছে।
পরিবেশ ও নিরাপত্তার স্বার্থে লেড-অ্যাসিড ব্যাটারির পরিবর্তে লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহারে উৎসাহ দেওয়ার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে প্রধান সড়কে অটোরিকশার জন্য পৃথক কম গতির লেন বা সার্ভিস লেন এবং প্রয়োজনীয় স্থানে পারাপারের ব্যবস্থা ও উড়ালসেতু নির্মাণের দাবি করা হয়েছে।
হাইওয়ের সঙ্গে যুক্ত প্রধান সড়কের বাম পাশে প্লাস্টিক বা কংক্রিটের বিভাজক দিয়ে অটোরিকশার জন্য পৃথক লেন তৈরির দাবিও রয়েছে। অটোরিকশাকে সড়ক পরিবহন আইনের আওতায় এনে নিবন্ধন, লাইসেন্স ও ট্রাফিক আইন প্রয়োগের জন্য পূর্ণাঙ্গ আইনি কাঠামো প্রণয়নের দাবি জানিয়েছে সংগঠনটি।
বিদ্যমান আট অঞ্চলভিত্তিক ব্যবস্থাপনা বাতিল করে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনভিত্তিক ব্যবস্থাপনা চালু এবং ঢাকায় সর্বোচ্চ পাঁচ লাখ অটোরিকশার লাইসেন্স বা সীমা নির্ধারণের দাবি জানানো হয়েছে।
এ ছাড়া অটোরিকশার মালিক ও শ্রমিকদের হয়রানি, চাঁদাবাজি ও ডাম্পিং বন্ধ এবং সড়ক ব্যবস্থাপনা ও পরিকল্পনায় তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।
দাবি আদায়ে আগামী ২২ সেপ্টেম্বর সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাটারিচালিত অটোরিকশা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মো. সাইদুল মোল্লা ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম উপস্থিত ছিলেন।
এএইচ/এআর




