রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ঢাকা

রিয়াদ ও দাম্মামগামী ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ পিএম

শেয়ার করুন:

রিয়াদ ও দাম্মামগামী ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর / ফাইল ছবি

হুথি বিদ্রোহীদের হামলার কারণে সৌদি আরবের রিয়াদ ও দাম্মাম বিমানবন্দরে ফ্লাইট চলাচলে বিধিনিষেধ জারি করা হয়। যার কারণে গত সাত দিনে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ১১৮টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ১৮ হাজার ৩৬২ জন যাত্রী।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ বিভাগ এ তথ্য জানায়

বেবিচকের দেওয়া তথ্য অনুযায়ী, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে সরাসরি ফ্লাইট ৫২টি এবং ট্রানজিট ফ্লাইট ৬৬টি।

বাতিল হওয়া সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৯টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের ১৩টি এবং রিয়াদ এয়ারের ১০টি।

অন্যদিকে, বাতিল হওয়া ট্রানজিট ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে ইন্ডিগোর ২৩টি, সালাম এয়ারের সাতটি, ইজিপ্ট এয়ারের একটি, এমিরেটস এয়ারলাইন্সের ১৪টি, কাতার এয়ারওয়েজের নয়টি, ফ্লাই দুবাইয়ের ছয়টি এবং এয়ার ইন্ডিয়ার ছয়টি।

রিয়াদ বিমানবন্দরের কার্যক্রম চালু হলে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে বলে জানায় বেবিচক।

এর আগে, গত ১১ অক্টোবর সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা হামলা চালায়। এরপর বিমানবন্দরটি কার্যক্রম বন্ধ ঘোষণা করে দেওয়া হয়। একই দিন হামলা হয় দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরেও। এই ঘটনার প্রেক্ষিতে ঢাকা থেকে সৌদির রিয়াদ ও দাম্মামগামী ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়।

নিরাপত্তার কারণ জানিয়ে রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে বিমান বাংলাদেশ এয়ারলাইনসসহ বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইনস। তবে দাম্মামগামী ফ্লাইট আগামী ২১ অক্টোরব থেকে চালু হবে বলে গতকালের বিমানের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

এদিকে, ইউএস-বাংলা এয়ারলাইন্স আগামী ২১ অক্টোবর পর্যন্ত রিয়াদগামী সব ফ্লাইট বাতিল ঘোষণা করেছে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর