‘আমাদের হাত বাঁধবেন না, বাঁধলে লিখতে পারব না। পরে আমাদের কাছেই আপনাকে আবার আসতে হবে।’ প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬ নিয়ে উদ্বেগ জানিয়ে সরকারের উদ্দেশ্যে এমন মন্তব্য করেছেন দৈনিক মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী।
তিনি বলেছেন, কোনো ব্যক্তির অপরাধের দায়ে গণমাধ্যম প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার বিষয়টি যৌক্তিক নয়। প্রস্তাবিত আইনে এমন বিধান কীভাবে এসেছে, তা সরকারের খতিয়ে দেখা উচিত।
রোববার (১৮ অক্টোবর) রাজধানীর ধানমন্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন মতিউর রহমান চৌধুরী।
প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬ পর্যালোচনা ও এ বিষয়ে মতামত দেওয়ার লক্ষ্যে সম্প্রতি গঠিত ১৭ সদস্যের মিডিয়া কমিটি এবং ১৯টি নাগরিক সমাজের সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণে এ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকটি সঞ্চালনা করেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
মতিউর রহমান চৌধুরী বলেন, সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিদের নিয়ে সম্প্রতি সাইবার সুরক্ষা আইন বিষয়ে যে কমিটি গঠন করা হয়েছে, সেটি সংশোধন করা উচিত। সরকার তো রয়েছেই, তাহলে আবার উচ্চপর্যায়ের ব্যক্তিদের নিয়ে কমিটি গঠনের প্রয়োজন কেন?
গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের কাজের পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, সাংবাদিকদের লেখার স্বাধীনতা সংকুচিত করা হলেও শেষ পর্যন্ত সরকারকে বারবার গণমাধ্যমের দ্বারস্থ হতে হবে।
এমআর/এসআই




