জনগণের সহযোগিতায় বাংলাদেশ পুলিশ ঘুরে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শারদীয় দুর্গোৎসব উদ্যাপন পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
পুলিশকে সহযোগিতার আহ্বান জানিয়ে আইজিপি মো. আলী হোসেন ফকির বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পরবর্তী সময়ে পুলিশের কোনো কার্যক্রম ছিল না। কারও নিরাপত্তা ছিল না, সবাই উদ্বিগ্ন ছিলেন। ছিনতাই, রাহাজানি, ডাকাতিসহ নানা ধরনের অঘটন ঘটেছে। সেই পরিস্থিতি থেকে জনগণের সহযোগিতায় বাংলাদেশ পুলিশ ঘুরে দাঁড়িয়েছে।
তিনি আরও বলেন, জনগণের সহযোগিতায় সব অপশক্তি, অন্যায় ও বৈষম্য দূর করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার পাশাপাশি সবার জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করতে হবে।
পূজামণ্ডপের নিরাপত্তায় সিসিটিভি ক্যামেরা ও বডি-ওর্ন ক্যামেরা ব্যবহারের কথা উল্লেখ করে আইজিপি বলেন, পূজা উদ্যাপন কমিটির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে পুলিশ সদর দপ্তরসহ বিভিন্ন পর্যায়ে সমন্বয় সভা হয়েছে। বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়েও সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
পূজামণ্ডপ ঘিরে কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটলে বা গুজব ছড়ালে তা যাচাই না করে কোনো সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানান আইজিপি।
তিনি বলেন, ডিজিটাল যুগে নানা ধরনের তথ্য ছড়াতে পারে। তাই কোনো তথ্য যাচাই-বাছাই না করে বিশ্বাস করা বা তা নিয়ে বিভ্রান্ত হওয়া উচিত নয়।
তিনি আরও বলেন, প্রতিটি পূজামণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি স্বেচ্ছাসেবকেরাও দায়িত্ব পালন করছেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদ্যাপন সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এমআইকে/এআর




