বাংলাদেশ সবসময় ফিলিস্তিনে নির্যাতনের শিকার মানুষের পাশে থাকবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. হুমায়ুন কবির। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান, সেখানে এই কথা বলেন প্রতিমন্ত্রী।
বৈঠককালে ফিলিস্তিনের রাষ্ট্রদূত নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে নতুন দায়িত্ব গ্রহণের জন্য আন্তরিক অভিনন্দন জানান। একইসাথে ফিলিস্তিনের মুক্তিকামী জনগণ ও তাদের ন্যায়সঙ্গত অধিকারের পক্ষে বাংলাদেশের ধারাবাহিক সমর্থনের জন্য তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফিলিস্তিনীদের আত্মনিয়ন্ত্রণাধিকার ও তাদের ন্যায্য দাবির প্রতি বাংলাদেশের অটল ও সুদৃঢ় সংহতি পুনর্ব্যক্ত করেন। অধিকৃত পশ্চিম তীরের 'ই-ওয়ান' এলাকায় ইসরায়েলের বসতি সম্প্রসারণের পরিকল্পনার তীব্র সমালোচনা করে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন।
তিনি জোর দিয়ে বলেন, ইসরায়েলের এই ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রাসঙ্গিক প্রস্তাবগুলোর সম্পূর্ণ পরিপন্থী।
বৈঠকে তারা গাজার বর্তমান পরিস্থিতির পাশাপাশি দু’দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করেন।
এসএইচ/এআরএম




