শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

মিষ্টির আসনে ভোট: প্রার্থীদের আয়-সম্পদ ও ঋণের হিসাব চায় ইসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ০২:৪৪ পিএম

শেয়ার করুন:

মিষ্টির আসনে ভোট: প্রার্থীদের আয়-সম্পদ ও ঋণের হিসাব চায় ইসি
নির্বাচন কমিশন (ইসি)।

বিএনপি নেত্রী ফেরদৌসী আহমেদ মিষ্টির ছেড়ে দেওয়া সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে প্রার্থীদের আয়-সম্পদ, ঋণ ও ফৌজদারি মামলার তথ্য হলফনামায় উল্লেখ করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে কোনো প্রার্থী আয়কর রিটার্নের সঙ্গে সম্পদের বিবরণী দাখিল করে থাকলে হলফনামায় সম্পদের বিস্তারিত বিবরণ না দিলেও চলবে। সে ক্ষেত্রে রিটার্নের সত্যায়িত কপি জমা দিতে হবে।

শনিবার (১৭ অক্টোবর) নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন পরিচালনা শাখার কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন। ইতোমধ্যে এ সংক্রান্ত নির্দেশনা রিটার্নিং কর্মকর্তাকে পাঠিয়েছে সংস্থাটি।

নির্দেশনায় যে সকল তথ্য দিতে বলা হয়েছে— বর্তমানে প্রার্থী কোনো ফৌজদারী মামলায় অভিযুক্ত আছেন কি না; অতীতে প্রার্থীর বিরুদ্ধে দায়েরকৃত কোনো ফৌজদারী মামলার রেকর্ড আছে কি না, থাকলে তার রায় কি ছিল? (প্রার্থী সকল তথ্য প্রদান করবেন এটাই প্রত্যাশিত। তবে অতীতের মামলা সংক্রান্ত, বিশেষ করে অনেক পুরনো হলে, বিশদ তথ্য প্রার্থীর কাছে সঙ্গত কারণেই নাও থাকতে পারে। তাই চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়ে গেছে বা খালাস পেয়েছেন এমন ক্ষেত্রে বিশদ তথ্য না দিতে পারার কারণে মনোনয়নপত্র বাতিল করা হবে না। তবে দন্ডিত হয়ে থাকলে এবং তা উল্লেখ না করার বিষয় প্রমাণিত হলে মনোনয়নপত্র গ্রহণযোগ্য হবে না), প্রার্থীর ব্যবসা বা পেশার বিবরণী, দেশে ও বিদেশে প্রার্থীর সম্ভাব্য আয়ের উৎসসমূহ; দেশে ও বিদেশে প্রার্থীর নিজের বা তার উপর নির্ভরশীলদের পরিসম্পদ ও দায় এর বিবরণী (উল্লেখ্য, যদি কোনো প্রার্থী আয়কর দাতা হন এবং তিনি তার রিটার্ন ও সম্পদের বিবরণী দাখিল করেন, তবে এ ঘরে সে তথ্য উল্লেখ করে বিস্তারিত বিবরণ না দিলেও গ্রহণযোগ্য হবে। কারণ আয়কর রিটার্নের সাথে দেওয়া সম্পদ বিবরণীতে সম্পদের বিস্তারিত বিবরণ থাকে। আয়কর রিটার্নের কপি গেজেটেড কর্মকর্তা/আয়কর আইনজীবীর মাধ্যমে প্রত্যয়ন করলেও গ্রহণযোগ্য হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, অতীতে প্রার্থী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে থাকলে, নির্বাচনের পূর্বে ভোটারদের কি কি প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং উক্ত প্রতিশ্রুতির কতগুলি পূরণ করা সম্ভব হয়েছিল এ সংক্রান্ত তথ্যাদি (অতীতে সংসদ সদস্য নির্বাচিত হয়ে থাকলেই কেবল এটি প্রযোজ্য হবে। কোন প্রতিশ্রুতি না থাকলে ‘প্রতিশ্রুতি নেই’ অথবা ‘অর্জন নেই’ ইত্যাদি লেখা হলে তা গ্রহণযোগ্য হবে)।

এছাড়াও কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হতে প্রার্থী কর্তৃক একক বা যৌথভাবে বা প্রার্থীর উপর নির্ভরশীল সদস্য কর্তৃক গৃহীত ঋণের পরিমাণ অথবা কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক বা পরিচালক হওয়ার কারণে ওই সকল প্রতিষ্ঠান হতে গৃহীত ঋণের পরিমাণ; আয়কর আইন, ২০২৩ (২০২৩ সনের ১২ নং আইন) এর ধারা ১৬৬ এর অধীন দাখিলকৃত রিটার্নের প্রত্যয়িত অনুলিপি এবং উক্ত আইনের ধারা ২৬৪ এর বিধান অনুসারে রিটার্ন দাখিলের প্রমাণপত্র এবং মনোনয়নপত্রের সাথে সংযুক্ত নমুনা হলফনামা অনুযায়ী তিনশত টাকার নন-জুডিসিয়াল স্ট্যাম্প অথবা কোর্ট ফি এর মাধ্যমে হলফনামা প্রস্তুতপূর্বক মনোনয়নপত্রের সাথে দাখিল করতে হবে।

তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৬ অক্টোবর। মনোনয়নপত্র বাছাই হবে ২৭ অক্টোবর। বাছাইয়ের বিরুদ্ধে আপিল ২৮ অক্টোবর। আপিল নিষ্পত্তি ২৯ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১ নভেম্বর। প্রতীক বরাদ্দ হবে ২ নভেম্বর। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ নভেম্বর।

রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় মিষ্টির নাম আসায় বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে পদত্যাগের নির্দেশ দেন। এরপর তিনি পদত্যাগ করায় আসনটি শূণ্য ঘোষণা করে সংসদ সচিবালয়।

এমএইচএইচ/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর