রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির ছেড়ে দেওয়া শূন্য আসনে উপনির্বাচনে প্রার্থীদের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার সনদ জমা দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন পরিচালনা শাখার কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন। ইতিমধ্যে এ-সংক্রান্ত পরিপত্রও জারি করেছে সংস্থাটি।
এতে বলা হয়েছে, প্রার্থীকে মূল হলফনামার কপির সঙ্গে দুই সেট ফটোকপি দাখিল করতে হবে।
এ ছাড়া প্রার্থী কর্তৃক অর্জিত সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটসহ উত্তীর্ণ পরীক্ষার নাম উল্লেখ করতে হবে। এ ঘর খালি রাখা যাবে না। কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলে নিরক্ষর, স্বাক্ষরজ্ঞানসম্পন্ন, অষ্টম শ্রেণি পাস ইত্যাদি উল্লেখ করতে হবে। তবে বাস্তবে এমনও হতে পারে যে সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট কোনো প্রার্থীর কাছে নেই। সে ক্ষেত্রে সর্বশেষ যোগ্যতা এমএ, তবে সময়স্বল্পতার কারণে তা সংগ্রহ করতে না পারায় বিএ পাসের সার্টিফিকেট সংযুক্ত করা হলো—এ মর্মে তথ্য দিতে হবে।
তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৬ অক্টোবর। মনোনয়নপত্র বাছাই হবে ২৭ অক্টোবর। বাছাইয়ের বিরুদ্ধে আপিল ২৮ অক্টোবর। আপিল নিষ্পত্তি ২৯ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১ নভেম্বর। প্রতীক বরাদ্দ হবে ২ নভেম্বর। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ নভেম্বর।
রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় মিষ্টির নাম আসায় বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে পদত্যাগের নির্দেশ দেন। এরপর তিনি পদত্যাগ করায় আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। এখন ভোটের দিকে এগোচ্ছে ইসি।
এমএইচএইচ/এআর




