গাজীপুরের টঙ্গীর চেরাগআলীতে ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কারখানায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। আগুন কারখানার একটি ভবন থেকে ছড়িয়ে পড়েছে পাশের চারতলা ভবনেও। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট কাজ করছে।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ২০ মিনিটের দিকে টঙ্গীর বেক্সিমকো রোডে অবস্থিত কারখানাটির ইউনিট-২-এ আগুনের সূত্রপাত হয়। পরে আগুন ছড়িয়ে পড়ে ভবনের চতুর্থ তলা, ওষুধ তৈরির কাঁচামালের গুদাম ও সংলগ্ন এলাকায়।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, আগুনের তীব্রতা ও ঘন ধোঁয়ায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রচণ্ড তাপ ও রাসায়নিকের তীব্র গন্ধের কারণে ঘটনাস্থলের আশপাশে অবস্থান করাও কঠিন হয়ে পড়ে। আগুনের লেলিহান শিখায় কারখানার বিভিন্ন মালামাল পুড়ে যাচ্ছে।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহীন আলম জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। আগুনের তীব্রতা বেশি হওয়ায় তা নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে। ফায়ার সার্ভিসের বিভিন্ন স্টেশন থেকে আসা ইউনিটগুলো আগুন নেভাতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম জানান, আগুন লাগার খবর পাওয়ার পর প্রাথমিকভাবে আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। পরে একে একে বাকি ইউনিটগুলো যুক্ত হয়।
কারখানার ভেতরে কেমিক্যাল ও বিভিন্ন উপকরণ থাকায় অগ্নিনির্বাপণ কার্যক্রম আরও জটিল হয়ে উঠেছে বলে জানা গেছে। আগুনের তীব্র তাপ ও কেমিক্যালের গন্ধে আশপাশের পরিবেশ অস্বস্তিকর হয়ে পড়েছে। আগুনের কারণে কী ধরনের রাসায়নিক ঝুঁকি তৈরি হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, কারখানার কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
জেবি




