ঢাকা-৪ ও ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এ জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, জাতীয় সংসদের ঊর্ধ্বতন কর্মকর্তা, শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা এবং মরহুমের সহযোদ্ধা ও অসংখ্য গুণগ্রাহী অংশ নেন।
জানাজার আগে মরহুম সালাহউদ্দিন আহমেদের সংক্ষিপ্ত জীবন ও রাজনৈতিক অবদান স্মরণ করে বক্তব্য দেওয়া হয় এবং তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
পরিবার ও বিএনপি দলীয় সূত্রে জানা গেছে, প্রবীণ এই নেতার জানাজা ও দাফন কর্মসূচি তিনটি ধাপে সম্পন্ন হচ্ছে। যার প্রথমটি সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হলো। এরপর দুপুর দেড়টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
সবশেষে বিকেল তিনটায় শ্যামপুর-কদমতলী এলাকার ঐতিহাসিক লাল মসজিদ প্রাঙ্গণে তৃতীয় জানাজা শেষে জুরাইন কবরস্থানে তার বাবার কবরের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।
এরআগে, মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সালাহউদ্দিন আহমেদ শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮০ বছর। ফুসফুসের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছিলেন তিনি।




