রাজধানীর ধানমন্ডিতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের জানাজাকে কেন্দ্র করে মিছিলের চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। এর আগে ছাত্রলীগের কর্মী সন্দেহে তাঁদের আটক করে মারধর করেন স্থানীয় লোকজন। মারধরে আহত কয়েকজনকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
রোববার (১১ অক্টোবর) বিকেলে ধানমন্ডির লেক সার্কাস এলাকার তাকওয়া মসজিদের সামনে থেকে তাদের আটক করা হয়।
জানা গেছে, ধানমন্ডির তাকওয়া মসজিদে রোটনের জানাজা অনুষ্ঠিত হওয়ার খবর পেয়ে সেখানে জড়ো হন নিষিদ্ধ ছাত্রলীগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তাদের সমর্থকেরা। এ সময় তারা মিছিল করার চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে। পরে স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা তাদের আটক করেন। এ সময় কয়েকজনকে মারধর করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। তবে রোটনের মরদেহ মসজিদ প্রাঙ্গণে নেওয়া হয়নি।
রোটনের মরদেহের সঙ্গে থাকা কয়েকজন গণমাধ্যমকে জানান, বাদ আসর তাকওয়া মসজিদে তার জানাজার সময় নির্ধারিত ছিল। বিকেল পৌনে চারটার দিকে সায়েন্সল্যাব মোড়ে পৌঁছালে পুলিশ তাদের ধানমন্ডির দিকে যেতে বাধা দেয়। পরে তারা সিদ্ধান্ত পরিবর্তন করে মরদেহ নিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা হন।
এ বিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল ইসলাম ঢাকা মেইলকে বলেন, রোটনের মরদেহ তাকওয়া মসজিদে নেওয়া হয়নি। তারা মরদেহ নিয়ে চট্টগ্রামে চলে গেছেন। তবে জানাজার নামে ছাত্রলীগের কর্মীরা মিছিল করার চেষ্টা করেন। পরে সেখান থেকে চারজনকে আটক করা হয়।
/এএস




