রাজধানীর দক্ষিণখানের ফয়দাবাদের জামতলায় দন্ত চিকিৎসক সারাহ রোকসানা পিনু হত্যাকাণ্ড মামলা তদন্তের দায়িত্ব পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এখন থেকে মামলা তদন্ত করে এই হত্যাকাণ্ড আসলে কী কারণে হয়েছিল এবং হত্যাকারী কে তা খুঁজে বের করবে পিবিআই।
শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণখান থানার এসআই হাবিবুর রহমান। হাবিবুর পিনু হত্যাকাণ্ডের পর দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা ছিলেন।
হাবিবুর রহমান বলেন, মামলাটি বাদীর আবেদনের প্রেক্ষিতে পিবিআইয়ে পাঠানো হয়েছে। এখন থেকে তারা সেটি তদন্ত করবেন। তদন্তের পর ফাইনাল রিপোর্টও তারাই দেবেন।
গত ৩০ জুলাই উত্তরার দক্ষিণখানের ফয়দাবাদের জামতলায় নিজ বাসা থেকে সারাহ রোকসানা পিনুর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন তার বোন সারাহ সুলতানা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলার তদন্তে দীর্ঘ দুই মাস কাজ করেছে পুলিশ। অবশেষে অধিকতর তদন্তের জন্য এই মামলা পিবিআইয়ে পাঠানো হয়েছে।
এ ঘটনার পর তার স্বামী সোহেলকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার দিন পিনুর মরদেহ উদ্ধারের আগে তার মুখে বালিশ চাপা ও ঘরের জানালার গ্রিল কাটা অবস্থায় পায় পুলিশ। এ ছাড়াও সেই বাসা থেকে এক জোড়া জুতা আলামত হিসেবে জব্দ করে পুলিশ। তবে তার স্বামীকে রিমাণ্ডে নিয়ে পুলিশ একাধিকবার জিজ্ঞাসাবাদ করলেও তিনি তার স্ত্রীকে হত্যার বিষয়টি স্বীকার করেননি।
স্বামী সেদিন দাবি করেছিলেন এটি চুরি-ডাকাতি বা বাইরের কারও কাজ। তবে ঘটনাস্থলে আলামত হিসেবে পাওয়া জুতার ছাপের সঙ্গে স্বামী সোহেল রানার জুতার হুবহু মিল খুঁজে পেয়েছে পুলিশ।
এমআইকে/এফএ




