রাজধানীর ভাটারার সাঈদ নগর বড় মসজিদসংলগ্ন একটি বাসার দ্বিতীয় তলার ব্যালকনি থেকে পড়ে মো. নাঈম (২৩) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
তিনি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৯টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত নাঈমের বাড়ি রংপুরের মিঠাপুকুর এলাকায়। তার বাবার নাম মোস্তাফিজুর রহমান। তিনি রাজধানীর ভাটারার সাঈদনগর এলাকায় বসবাস করতেন।
নাঈমের সহপাঠী মাজহারুল ইসলাম জানান, শুক্রবার সকালে দ্বিতীয় তলার ব্যালকনি থেকে অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন নাঈম।
পরে তারা খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে নাঈমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
এমএমআর/এএম




