বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ঢাকা

কুড়িলে পা পিছলে আইল্যান্ডে পড়ে নারীর মৃত্যু

ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৬, ০৬:১৮ পিএম

শেয়ার করুন:

কুড়িলে পা পিছলে আইল্যান্ডে পড়ে নারীর মৃত্যু
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল।

রাজধানীর খিলক্ষেতের কুড়িল বিশ্বরোড মোড় এলাকায় সড়কের আইল্যান্ডে পড়ে মোছাম্মৎ মিজান বেগম (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক বিকেল সোয়া ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভগ্নিপতি মো. মানিক মিয়া জানান, মিজান বেগম কিশোরগঞ্জের গ্রামের বাড়ি থেকে চিকিৎসকের পরামর্শ নিতে ঢাকায় তাদের বাসায় আসছিলেন। কুড়িল বিশ্বরোড মোড়ে বাসের জন্য অপেক্ষা করার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল আসতে দেখে তিনি কিছুটা পেছনে সরে দাঁড়ানোর চেষ্টা করেন। এ সময় হঠাৎ পা পিছলে আইল্যান্ডের ওপর পড়ে মাথায় গুরুতর আঘাত পান।

খবর পেয়ে স্বজনেরা তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মিজান বেগম কিশোরগঞ্জ সদর উপজেলার সুলতানপুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মোরশেদ আলী। তার স্বামী মোহাম্মদ আলী কৃষিকাজ করেন। পরিবার নিয়ে মিজান বেগম গ্রামের বাড়িতেই বসবাস করতেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মিজান বেগমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

এমএমআর/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর