রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ঢাকা

সেপ্টেম্বরে ইন্টারনেটে ছড়ানো ২৭৫ ভুল তথ্য শনাক্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ পিএম

শেয়ার করুন:

সেপ্টেম্বরে ইন্টারনেটে ছড়ানো ২৭৫ ভুল তথ্য শনাক্ত
ছবি: রিউমর স্ক্যানার

চলতি বছরের সেপ্টেম্বর মাসে ইন্টারনেটে ছড়িয়ে পড়া ২৭৫টি ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার। রিউমর স্ক্যানারের ওয়েবসাইটে ২৪০টি প্রতিবেদনের মাধ্যমে এসব ভুল তথ্যের ফ্যাক্টচেক প্রকাশ করা হয়েছে।

বিশ্লেষণ অনুযায়ী, সেপ্টেম্বর মাসে রাজনৈতিক বিষয়ে সবচেয়ে বেশি ১৮০টি ভুল তথ্য ছড়িয়ে পড়ার প্রমাণ মিলেছে, যা মোট ভুল তথ্যের প্রায় ৬৫ শতাংশ। এ ছাড়া জাতীয় বিষয়ে ৩৪টি, আন্তর্জাতিক বিষয়ে ১৫টি, খেলাধুলা বিষয়ে ১টি, শিক্ষা বিষয়ে ২টি, ধর্মীয় বিষয়ে ১৯টি, বিনোদন বিষয়ে ৪টি, প্রতারণা বিষয়ে ১টি এবং অন্যান্য বিষয়ে ১৯টি ভুল তথ্য শনাক্ত হয়েছে গত মাসে। 

এসব ঘটনায় তথ্য কেন্দ্রিক ভুলই ছিল সবচেয়ে বেশি, ১২০টি। এ ছাড়া, ভিডিও কেন্দ্রিক ভুল ছিল ৯৭টি এবং ছবি কেন্দ্রিক ভুল ছিল ৫৮টি। শনাক্ত হওয়া ভুল তথ্যগুলোর মধ্যে মিথ্যা হিসেবে ২০০টি, বিকৃত ২৬টি এবং বিভ্রান্তিকর হিসেবে ৪৯টি ঘটনাকে সাব্যস্ত করা হয়েছে। 

প্ল্যাটফর্ম হিসেবে গত মাসে ফেসবুকে সবচেয়ে বেশি ভুল তথ্য ছড়িয়েছে, সংখ্যার হিসেবে যা ২৫৮টি। এ ছাড়া ইনস্টাগ্রামে ৩৯টি, ইউটিউবে ১৫টি, এক্সে ২০টি, টিকটকে ২৫টি, ও লিংকডইনে অন্তত ২টি ভুল তথ্য প্রচারের প্রমাণ মিলেছে। ভুল তথ্য প্রচারের তালিকা থেকে বাদ যায়নি দেশের গণমাধ্যমও।

৩৪টি ঘটনায় দেশের একাধিক গণমাধ্যমে ভুল তথ্য প্রচার হতে দেখেছে রিউমর স্ক্যানার। ৬টি ঘটনায় ভারতীয় গণমাধ্যমেও বাংলাদেশকে নিয়ে অপতথ্য প্রচার করতে দেখা গেছে। 

বাংলাদেশ ও ভারতকে কেন্দ্র করে সাম্প্রদায়িক অপতথ্য প্রচারের বিষয়টি গেল বেশ কয়েক বছর ধরে আলোচনায়। সেপ্টেম্বর মাসে ২১টি সাম্প্রদায়িক অপতথ্য শনাক্ত করেছে রিউমর স্ক্যানার। এর মধ্যে ১৩টি অপতথ্যই বাংলাদেশি পরিচয়ধারী অ্যাকাউন্ট ও পেজ থেকে প্রচারের প্রমাণ পাওয়া গেছে।

বিএনপি সরকারকে জড়িয়ে গত মাসে ৪৬টি অপতথ্য প্রচারের প্রমাণ পেয়েছে রিউমর স্ক্যানার, যার প্রায় ৯৮ শতাংশ ক্ষেত্রেই সরকারকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে। এই সময়ে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে জড়িয়ে ২২টি অপতথ্যের প্রচার দেখেছে রিউমর স্ক্যানার, যার প্রায় ৯৫ শতাংশ ক্ষেত্রেই তাকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে।

সেপ্টেম্বর মাসে বিএনপি সরকারের মন্ত্রিপরিষদকে নিয়ে ১১টি অপতথ্য শনাক্ত করেছে রিউমর স্ক্যানার। এর মধ্যে সবচেয়ে বেশি (৩টি, সবগুলোতেই নেতিবাচক উপস্থাপন) শিকার হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

রিউমর স্ক্যানার সেপ্টেম্বর মাসের ফ্যাক্টচেকগুলো বিশ্লেষণে দেখেছে, এই সময়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), তার অঙ্গসংগঠন এবং নেতাকর্মীদের জড়িয়ে ২৬টি অপতথ্য শনাক্ত করা হয়েছে। এর মধ্যে দল হিসেবে বিএনপিকে জড়িয়ে ৮টি অপতথ্য প্রচার করা হয়েছে, যার প্রায় সবগুলোতেই দলটিকে নিয়ে নেতিবাচক মনোভাব সৃষ্টির সুযোগ রেখেছে। এ ছাড়া, ছাত্রদল জড়িয়ে ৩টি অপতথ্য প্রচার করা হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী, তার অঙ্গসংগঠন এবং নেতাকর্মীদের জড়িয়ে সেপ্টেম্বর মাসে ১৭টি অপতথ্য প্রচার করা হয়েছে। এর মধ্যে দল হিসেবে জামায়াতকে জড়িয়ে ৫টি অপতথ্য প্রচার করা হয়েছে। এসবের প্রায় সবগুলোতেই দলটিকে নিয়ে নেতিবাচক মনোভাব সৃষ্টির সুযোগ রাখা হয়েছে। একই সময়ে দলটির আমির ডা. শফিকুর রহমানকে জড়িয়ে ৩টি অপতথ্য (শতভাগ নেতিবাচক) শনাক্ত হয়েছে। এ ছাড়া, ছাত্রশিবিরকে জড়িয়ে এই সময়ে ৪টি অপতথ্য প্রচার করা হয়েছে।

সেপ্টেম্বর মাসে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও দলটির নেতাকর্মীদের জড়িয়ে ২৬টি অপতথ্য শনাক্ত করেছে রিউমর স্ক্যানার। এর মধ্যে দল হিসেবে এনসিপিকে জড়িয়ে ৫টি অপতথ্য (শতভাগ নেতিবাচক) প্রচার হতে দেখা যায়। দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে জড়িয়ে ৪টি অপতথ্য (সবগুলোই নেতিবাচক) শনাক্ত হয়েছে।

কার্যক্রম নিষিদ্ধ থাকা দল বাংলাদেশ আওয়ামী লীগ, তার অঙ্গ-ভ্রাতৃপ্রতীম সংগঠন এবং নেতাকর্মীদের নিয়ে সেপ্টেম্বর মাসে ৭১টি অপতথ্যের প্রচার করা হয়েছে। এর মধ্যে দল হিসেবে আওয়ামী লীগকে জড়িয়ে ১৮টি অপতথ্য প্রচার করা হয়েছে, যার প্রায় ৭২ শতাংশ ক্ষেত্রেই দলটির পক্ষে ইতিবাচক মনোভাব সৃষ্টির সুযোগ রেখেছে। দলটির সভাপতি শেখ হাসিনাকে জড়িয়েও এই সময়ে ১৮টি অপতথ্য (প্রায় ৭৮ শতাংশই ইতিবাচক) প্রচারের প্রমাণ মিলেছে।

সেপ্টেম্বর মাসে বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে ৭টি ভুল তথ্যের প্রচার দেখেছে রিউমর স্ক্যানার। এ ছাড়া বাংলাদেশ পুলিশকে জড়িয়ে ৬টি ভুল তথ্য শনাক্ত করেছে রিউমর স্ক্যানার।

সেপ্টেম্বর মাসে শনাক্ত হওয়া ভুল তথ্যগুলো বিশ্লেষণ করে রিউমর স্ক্যানার দেখেছে, এই সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ভুয়া কনটেন্ট শনাক্ত হয়েছে ৬৬টি। এর মধ্যে ডিপফেক কনটেন্ট শনাক্ত করা হয়েছে ২টি। সার্কাজম পেজের কনটেন্ট বাস্তব দাবিতে ছড়িয়েছে ৩৭টি। 

সেপ্টেম্বর মাসে দেশে ৯টি ঘটনা বা ইস্যুতে ভুল তথ্যের প্রচার ছিল। এর মধ্যে নেপালের বন্যা ইস্যুতে ১৭টি, যুবলীগের ঢাকা লকডাউন ইস্যুতে ১৫টি, বাঁধনের ওপর হামলা ইস্যুতে ১৩টি, ১১ দলীয় ঐক্যের লংমার্চ ইস্যুতে ৬টি ও অপ্রতিম হত্যাকাণ্ড ইস্যুতে ৫টি ভুল তথ্যের প্রচার ছিল।

গণমাধ্যমের নাম, লোগো, শিরোনাম এবং নকল ও ভুয়া ফটোকার্ড ব্যবহার করে ভুল তথ্য প্রচারের পরিমাণ কিছুটা হ্রাস পেতে দেখা যাচ্ছে। সেপ্টেম্বর মাসে এই পদ্ধতি ব্যবহার করে ৪৩টি ঘটনায় দেশ-বিদেশি ১৮টি সংবাদমাধ্যমকে জড়িয়ে ৪৪টি ভুল তথ্য প্রচার করা হয়েছে।

সূত্র: রিউমর স্ক্যানার

এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর