হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় দুই কোটি টাকা সমমূল্যের এক কেজি ৫০ গ্রাম সোনাসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মীসহ দুজনকে আটক করেছেন ঢাকা কাস্টমস হাউসের কর্মকর্তারা। বিমানবন্দর অ্যাভসেকের সহায়তায় অন্যান্য গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে ঢাকা কাস্টমস হাউসের এয়ারপোর্ট ইউনিট এ অভিযান চালায়।
শুক্রবার (২ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, আটক বিমান কর্মীর নাম ওবায়দুর রহমান। অন্য ব্যক্তি একজন যাত্রী। তার পরিচয় জানানো হয়নি।
এনবিআর জানিয়েছে, বৃহস্পতিবার রাত ১১টা ২০ মিনিটে শাহজালাল বিমানবন্দর অ্যাভসেকের সহায়তায় ঢাকা কাস্টমস হাউসের এয়ারপোর্ট ইউনিট ওবায়দুর রহমানের দেহ তল্লাশি করে। তার শার্টের পকেট ও কোমরের বেল্ট থেকে টিস্যুতে মোড়ানো নয়টি সোনার বার উদ্ধার করা হয়। তার কাছে থাকা সোনার মোট ওজন ১ কেজি ৫ গ্রাম।
পরে ওবায়দুরের তথ্যের ভিত্তিতে এ ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে এক যাত্রীকে আটক করা হয়। তল্লাশির সময় বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
উদ্ধার স্বর্ণসহ জড়িতের বিরুদ্ধে আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে এনবিআর।
এফএ




