বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ঢাকা

যে ঘটনায় কপাল পুড়ল এমপি মিষ্টির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৬, ০২:২১ পিএম

শেয়ার করুন:

যে ঘটনায় কপাল পুড়ল এমপি মিষ্টির

রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়াল বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির জন্য। ঘটনার কয়েক দিনের মধ্যেই তার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে তদন্তের কথা জানায় সরকার। এরপর বৃহস্পতিবার এমপি পদ থেকে তাকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন সংরক্ষিত আসনের এই নারী সংসদ সদস্য।

মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারটি সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্যসেবার গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছিল। গত ২৪ সেপ্টেম্বর গভীর রাতে সেখানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরে ভারী যন্ত্রপাতি দিয়ে সেন্টারটির একটি টিনশেড ও তিনটি সেমিপাকা ভবন গুঁড়িয়ে দেওয়া হয়। পাকা ভবনের কয়েকটি কক্ষের দরজা-জানালাও ভাঙচুর করা হয়।

অভিযোগ রয়েছে, দুই শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র ও ভাঙার সরঞ্জাম নিয়ে সেন্টারটিতে ঢুকে নিরাপত্তাকর্মীদের জিম্মি করেন। পরে চিকিৎসা সরঞ্জাম, ওষুধ, টিকা, টাকা ও অন্যান্য মালামাল লুট করা হয়। ঘটনাটি নিয়ে শাহ আলী থানায় মামলা হয়েছে।

কীভাবে আলোচনায় এলো মিষ্টির নাম

রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেওয়ার পর সেখানে ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’-এর সাইনবোর্ড টাঙানো হয়। এই সমিতির সঙ্গে মিষ্টির পুরোনো সম্পৃক্ততার তথ্য সামনে আসার পর তার নাম আলোচনায় আসে।

২০০৬ সালে শাহ আলী থানার ৮ নম্বর ওয়ার্ডের কমিশনার থাকাকালে মিষ্টি ওই সমিতির সভাপতি ছিলেন। সমিতির নামে রাড্ডা সেন্টারের জায়গা বরাদ্দ চেয়ে করা একটি আবেদনে তার স্বাক্ষরও ছিল বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।

তবে মিষ্টি রাড্ডা সেন্টারে হামলা, ভাঙচুর বা লুটপাটের সঙ্গে নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন। তার বক্তব্য, বর্তমানে সমিতিটির সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।

তদন্তের মধ্যেই সিদ্ধান্ত

রাড্ডার ঘটনায় সরকারের অবস্থানের বিষয়টিও গত কয়েক দিনে প্রকাশ্যে এসেছে। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান গত মঙ্গলবার সংবাদ সম্মেলনে বলেছেন, রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনায় সরকার দুঃখিত ও বিব্রত। তদন্তে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে, তাদের আইনের আওতায় আনা হবে।

রাড্ডা সেন্টারের ঘটনায় মিষ্টির সংশ্লিষ্টতার বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে গত বুধবার জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, স্থানীয় সংসদ সদস্যের বিরুদ্ধেও তদন্ত চলছে।

dhaka
২৪ সেপ্টেম্বর গুঁড়িয়ে দেওয়া হয় রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহদী আমিনও বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে বলেছেন, অপরাধী যে-ই হোক, কোনো রাজনৈতিক ছাড় দেওয়া হচ্ছে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়গুলো নিয়ে কাজ করছে এবং তাদের কাছে তথ্য রয়েছে। সরকার একটি সুষ্ঠু আইনি ব্যবস্থা নিশ্চিত করতে চায়।

সরকার সংশ্লিষ্টদের এমন বক্তব্যের পরই মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশ দেওয়ার খবর আসে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও অতিরিক্ত প্রেস সচিব দুজনেই সরকারপ্রধানের নির্দেশনার বিষয়টি নিশ্চিত করেন। এর কিছু সময় পরই বৃহস্পতিবার দুপুরে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন সংরক্ষিত নারী আসনের এই সংসদ সদস্য।

রাড্ডাকাণ্ডে আরও সাংগঠনিক ব্যবস্থা

রাড্ডা সেন্টারের ঘটনা নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যেই বুধবার রাতে ঢাকা মহানগর উত্তর বিএনপি, ঢাকা মহানগর উত্তর যুবদল ও ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটি বিলুপ্ত করা হয়। একই দিনে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের ১৪ জনকে বহিষ্কার করা হয়।

তবে দলীয় বিজ্ঞপ্তিতে এসব সাংগঠনিক সিদ্ধান্তের সঙ্গে রাড্ডা সেন্টারের হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার সরাসরি কোনো সম্পর্কের কথা বলা হয়নি।

বিএনপির বিজ্ঞপ্তিতে শাহ আলী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক খলিল চৌধুরী, সি-ব্লক ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য হাফিজুর রহমান শুক্কুকে বহিষ্কারের কথা জানানো হয়েছে। তাদের বিরুদ্ধে ‘অনৈতিক কার্যকলাপসহ সংগঠনবিরোধী কর্মকাণ্ডের’ অভিযোগের কথা বলা হয়েছে। একই দিনে ছাত্রদলের পাঁচজন, স্বেচ্ছাসেবক দলের দুজন ও শ্রমিক দলের চারজনকে বহিষ্কার করা হয়।

ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্তির কোনো কারণ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। যুবদল ও ছাত্রদলের সংশ্লিষ্ট কমিটি দুটির ক্ষেত্রে মেয়াদোত্তীর্ণ হওয়ার কথা বলা হয়েছে।

এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর