বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

হকার উচ্ছেদে মিরপুরে রণক্ষেত্র, জরুরি পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ পিএম

শেয়ার করুন:

হকার উচ্ছেদে মিরপুরে রণক্ষেত্র, জরুরি পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। ছবি- সংগৃহীত

রাজধানীর মিরপুর-১০ নম্বরের হোপ মার্কেট এলাকা ‘জরুরি’ পরিদর্শনে যাচ্ছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা পৌনে ১টার দিকে ওই এলাকা পরিদর্শনে যাবেন বলে ডিএনসিসি জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে।

‘অতি জরুরী’ উল্লেখ করে গণমাধ্যমকর্মীদের পাঠানো জনসংযোগ কর্মকর্তা মো. জাকির হোসেনের পাঠানো এক বার্তায় জানানো হয়, প্রশাসক শফিকুল ইসলাম খান রাজধানীর মিরপুর ১০ হোপ মার্কেট পরিদর্শন করবেন এবং লাজ ফার্মার সামনে সাংবাদিকদের ব্রিফিং করবেন।

এর আগে, রাজধানীর মিরপুর-১০ নম্বরের হোপ মার্কেট এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকারদের সঙ্গে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ সময় সিটি করপোরেশনের দুটি গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

এদিন সকাল সাড়ে ১০টার দিকে হোপ মার্কেটের সামনের ফুটপাতে এই ঘটনা ঘটে।

স্থানীয় হকারদের ভাষ্য, সকালে সিটি করপোরেশনের লোকজন ফুটপাতের দোকানপাট উচ্ছেদ করতে গেলে সেখানে বৈদ্যুতিক তার থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে কিছু মালামাল পুড়ে যাওয়ার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

জানা গেছে, একপর্যায়ে ক্ষুব্ধ হকাররা উচ্ছেদ অভিযানে থাকা লোকজনকে লক্ষ্য করে লাঠি ও ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে সিটি করপোরেশনের দুটি গাড়িতে ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় পুলিশের একটি গাড়িতেও ভাঙচুর চালানো হয়।

আরও জানা গেছে, ঘটনার সময় বিদ্যুতিক তার ছিঁড়ে পড়লে বায়তুল কুদ্দুস জামে মসজিদের পশ্চিম পাশে আগুন ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ১৫ থেকে ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনার সময় পরিস্থিতির ছবি ও ভিডিও ধারণ করতে গেলে কয়েকজন হকার এক গণমাধ্যমকর্মীর ওপর হামলা করেছে। তাদের হামলায় সমকালের আলোকচিত্রী মাহবুব হোসেন নবীন আহত হয়েছেন বলে জানা গেছে। 

এর আগে ঘটনার সময় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। সংঘর্ষ ও উত্তেজনার কারণে মিরপুর-১০ এলাকার সড়কে যান চলাচলও ব্যাহত হয়।

এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর