রাজধানীর কদমতলীর শনির আখড়া এলাকায় নির্মাণাধীন ভবনের পঞ্চম তলা থেকে লিফটের ফাঁকা জায়গা দিয়ে পড়ে জোসনা বেগম (৩৫) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের সহকর্মী ইউনুস জানান, শুক্রবার দুপুরে শনির আখড়ার ২৪ ফুট সড়কের ৮ নম্বর রোডে অবস্থিত সাফা টাওয়ারের নির্মাণাধীন ভবনের পঞ্চম তলায় ময়লা পরিষ্কারের কাজ করছিলেন জোসনা বেগম।
এ সময় অসাবধানতাবশত তিনি লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে গুরুতর আহত হন।
ঘটনাটি জানতে পেরে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইউনুস আরও জানান, নিহত নারীর নাম জোসনা বেগম— এটুকুই তারা জানতে পেরেছেন। তার বিস্তারিত পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে জোসনা বেগমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
এমএমআর/এএম




