রাজধানীর চকবাজারের পূর্ব ইসলামবাগ বউবাজার এলাকায় ৭ তলা ভবনের ছাদ থেকে পড়ে মোহাম্মদ আলীফ (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে পূর্ব ইসলামবাগ বউবাজারের ৪৯/২ নম্বর বাসায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে তার মৃত্যু হয়।
নিহত আলীফের বাবার নাম মোহাম্মদ কবির। সে ইসলামবাগ আশরাফ আলী বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
আলীফের বাবা মোহাম্মদ কবির জানান, দুপুরের দিকে বাসার সাত তলার ছাদে খেলছিল আলীফ। এ সময় অসাবধানতাবশত সে নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে দ্রুত উদ্ধার করে বিকেল ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে তার মৃত্যু হয়।
ছেলেকে হারিয়ে শোকাহত বাবা কবির বলেন, ‘আমাদের গ্রামের বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার দুর্গাপুর গ্রামে। আমার তিন সন্তানের মধ্যে আলীফ সবার ছোট। আমি আমার বুকের ধনটাকে হারিয়ে ফেললাম।’
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে আলীফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
এমআর/এআর




