বৈশ্বিক টেকসই শান্তি ও নিরাপত্তায় নারীর নেতৃত্বের ওপর জোর দিয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের স্থানীয় সময় বুধবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দফতরে অনুষ্ঠিত ‘উইমেন, পিস অ্যান্ড সিকিউরিটি’ (ডব্লিউপিএস) ফোকাল পয়েন্টস নেটওয়ার্কের বার্ষিক মন্ত্রীপর্যায়ের বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে ফিলিপাইন, ইতালি এবং ইউএন উইমেন যৌথভাবে এই বৈঠকের আয়োজন করে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৩২৫ নম্বর প্রস্তাবের ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এ বৈঠকে প্রস্তাবটির বাস্তবায়ন ও জবাবদিহিতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
২০০০ সালে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে ১৩২৫ নম্বর প্রস্তাবটি সমর্থনের ক্ষেত্রে বাংলাদেশের পথিকৃৎ ভূমিকার কথা স্মরণ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর অর্থপূর্ণ অংশগ্রহণে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি নারী নেতৃত্বাধীন প্রাথমিক সতর্কবার্তা ও মধ্যস্থতা জোরদার করা, শান্তি প্রক্রিয়ায় নারীদের অংশগ্রহণ বৃদ্ধি, জলবায়ু ও মানবিক পদক্ষেপে ডব্লিউপিএস এজেন্ডাকে অন্তর্ভুক্ত করা এবং নারীদের ওপর সহিংসতার জন্য জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ডব্লিউপিএস সংক্রান্ত বাংলাদেশের দ্বিতীয় জাতীয় কর্মপরিকল্পনা তৈরির চলমান প্রচেষ্টা তুলে ধরেন। এ সময় তিনি ‘ঢাকা ডায়ালগ’ নামে বাংলাদেশ-নেতৃত্বাধীন একটি উদ্যোগের কথা উপস্থাপন করেন, যা নারীদের বিরুদ্ধে ডিজিটাল হয়রানি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-ভিত্তিক অপব্যবহার রোধে কাজ করে। তিনি এই উদ্যোগের আগামী ‘গ্রুপ অব ফ্রেন্ডস’ এ যোগ দেওয়ার জন্য সদস্য রাষ্ট্রগুলোকে আহ্বান জানান।
জাতিসংঘের ডব্লিউপিএস এজেন্ডার বাস্তবায়ন জোরদার করতে এবং শান্তি ও নিরাপত্তায় নারীর নেতৃত্বকে এগিয়ে নিতে বিভিন্ন দেশের মন্ত্রী ও জ্যেষ্ঠ প্রতিনিধিরা এ বৈঠকে একত্রিত হয়েছিলেন।
এসএইচ/এফএ




