রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাটে দুপুরে দুই স্ত্রীকে নিয়ে খাবার খান সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। খাবারের পর বিকেলে সবাই আলাদা কক্ষে চলে যান। এর কয়েক ঘণ্টা পর ছোট স্ত্রী মোছা. মরিয়ম খাতুনকে (১৯) নিজ কক্ষের ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তিনি।
রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে মরিয়মের মরদেহ উদ্ধার করে পুলিশ।
ঘটনাস্থলে থাকা পুলিশের এক কর্মকর্তা জানান, রোববার দুপুরে গাজী নজরুল ইসলাম তার দুই স্ত্রীকে নিয়ে খাবার খান। এরপর বিকেল সাড়ে ৩টার দিকে তারা আলাদা কক্ষে চলে যান। বিকেল ৫টার পর মরিয়মকে ডাকতে গিয়ে তার কক্ষের দরজা বন্ধ দেখতে পান এমপি।
পরে জানালা দিয়ে কক্ষের ভেতরে তাকিয়ে মরিয়মকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তিনি। বিষয়টি পুলিশকে জানানো হলে শেরেবাংলা নগর থানার সদস্যরা ঘটনাস্থলে যান।
তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি কক্ষের জানালা দিয়ে মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে পিবিআই ও সিআইডির ফরেনসিক দলের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেন। এরপর বন্ধ দরজা খুলে মরদেহ নিচে নামানো হয়।
আরও পড়ুন
গাজী নজরুলকাণ্ডে দায়ী ইজ্জত উল্লাহর প্রশ্রয়!
জামায়াতের আপত্তি: সংসদের কোনো কমিটিতে ঠাঁই হলো না গাজী নজরুলের
মরিয়ম কখন গলায় ফাঁস দিয়েছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা—এ বিষয়েও প্রাথমিকভাবে কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
সম্প্রতি গাজী নজরুল ইসলাম ও মরিয়ম খাতুনকে ঘিরে কিছু ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাদের নিয়ে আলোচনা তৈরি হয়। পরে গাজী নজরুল ইসলাম প্রকাশ্যে মরিয়মকে তার দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেন। তিনি প্রথম স্ত্রীর সম্মতিতেই মরিয়মকে বিয়ে করেছেন বলেও জানিয়েছিলেন।
পরবর্তী সময়ে বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনেও আলোচনা তৈরি হয়। নৈতিক স্খলনের অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলীয় সিদ্ধান্ত অনুযায়ী গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করে।
এদিকে মরিয়মের মরদেহ উদ্ধারের দিনই গাজী নজরুল ইসলাম পল্লবী থানার একটি হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টের দেওয়া জামিনের নথি বিচারিক আদালতে দাখিল করেন। গত ১০ আগস্ট হাইকোর্ট ওই মামলায় তাকে আট সপ্তাহের জামিন দেন।
একেএস/জেবি




