বিশ্বজয়ী কোরআনের হাফেজদের রাষ্ট্রীয় সংবর্ধনা অনুষ্ঠানে উপহার হিসেবে দেওয়া ইউভাল নোয়াহ হারারির ‘নেক্সাস’ বই ফেরত নিয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার। বইটি উপহার দেওয়ার পর বিভিন্ন ইসলামি সংগঠনের প্রতিবাদ ও সমালোচনার মধ্যে রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে নিজ দফতরে বিজয়ী হাফেজদের কাছ থেকে বইটি ফেরত নেন তিনি।
ধর্ম প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দ্রুত ব্যবস্থা নিয়ে বইটি ফেরত নেওয়া হয়েছে। একই সঙ্গে বিজয়ী হাফেজদের জন্য ঘোষিত আন্তর্জাতিক সফর, আর্থিক সহায়তাসহ অন্যান্য প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকারের কার্যক্রম অব্যাহত রয়েছে।
এ সময় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজ ও তাদের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
এর আগে গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বিশ্বজয়ী হাফেজদের রাষ্ট্রীয় সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বিজয়ী হাফেজদের হাতে বিভিন্ন উপহারের পাশাপাশি ইসরায়েলি ইতিহাসবিদ ও লেখক ইউভাল নোয়াহ হারারির ‘নেক্সাস’ বই তুলে দেন।
এরপর বইটি উপহার হিসেবে দেওয়ার বিষয়টি নিয়ে বিভিন্ন ইসলামি সংগঠনের পক্ষ থেকে আপত্তি ও সমালোচনা শুরু হয়। হেফাজতে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এবং বাংলাদেশ নেজামে ইসলাম পার্টিসহ কয়েকটি সংগঠন বইটি নির্বাচনের বিষয়ে প্রশ্ন তোলে।
ইউভাল নোয়াহ হারারির ২০২৪ সালে প্রকাশিত বই ‘নেক্সাস: আ ব্রিফ হিস্ট্রি অব ইনফরমেশন নেটওয়ার্কস ফ্রম দ্য স্টোন এজ টু এআই’। বইটিতে প্রস্তর যুগ থেকে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ পর্যন্ত তথ্য, তথ্যের নেটওয়ার্ক এবং মানবসমাজ ও সভ্যতার বিকাশ নিয়ে আলোচনা করা হয়েছে।
হারারি ইতিহাস, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ভবিষ্যৎ সমাজ নিয়ে লেখালেখির জন্য আন্তর্জাতিকভাবে পরিচিত। তার বিভিন্ন বই ও চিন্তাধারা নিয়ে ব্যাপক আগ্রহ থাকলেও ধর্ম, ঈশ্বর ও মানবসভ্যতা বিষয়ে তার কিছু বক্তব্য ও দৃষ্টিভঙ্গি নিয়ে ধর্মীয় মহলে সমালোচনা রয়েছে।
জেবি




