শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ পিএম

শেয়ার করুন:

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
ভিডিও বার্তা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১৯ সেপ্টেম্বর) জাতিসংঘ আয়োজিত ‘এসডিজি মোমেন্ট’ অনুষ্ঠানে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি এই আহ্বান জানান। অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরাও ভিডিও বার্তা দেন।

তারেক রহমান বলেন, এসডিজি অর্জনে বিশ্ব অনেকটাই পিছিয়ে আছে। এখন কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি সবাইকে একযোগে কাজ করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, এসডিজি বাস্তবায়নে আন্তর্জাতিক অংশীদারত্ব জোরদার, অভিজ্ঞতা বিনিময় এবং সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দিতে হবে।

আরও পড়ুন

তারেক রহমানের আগমন ঘিরে নিউইয়র্ক বিএনপির জোরালো প্রস্তুতি

এদিকে আগামী সপ্তাহে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বক্তব্য দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তারেক রহমান। ২১ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে তাঁর। ২৪ সেপ্টেম্বর সাধারণ বিতর্কে তাঁর বক্তব্য দেওয়ার সূচি রয়েছে।

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সাধারণ বিতর্ক ২২ থেকে ২৬ সেপ্টেম্বর এবং ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এবারের অধিবেশনের প্রতিপাদ্য—‘আস্থা পুনরুদ্ধার, পরিবর্তন ব্যবস্থাপনা: সবার জন্য কার্যকর জাতিসংঘ।’

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। ছবি: সংগৃহীত
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। ছবি: সংগৃহীত

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, তারেক রহমানের প্রথম জাতিসংঘ ভাষণে জলবায়ু পরিবর্তন, বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার, গণতান্ত্রিক রূপান্তর, বৈশ্বিক শান্তি ও আন্তর্জাতিক সংকটের টেকসই সমাধানের মতো বিষয় গুরুত্ব পেতে পারে। রোহিঙ্গা সংকটও সফরের অন্যতম অগ্রাধিকার হিসেবে থাকছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

তারেক রহমানের এবারের জাতিসংঘ ভাষণের মধ্য দিয়ে জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে তাঁর এ বৈশ্বিক মঞ্চে বক্তব্য দেওয়ার ঘটনা ঘটতে যাচ্ছে। এর আগে তাঁর বাবা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের বিভিন্ন অধিবেশনে বক্তব্য দিয়েছেন।

আরও পড়ুন

প্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন ২১ সেপ্টেম্বর

১৯৮০ সালের ২৬ আগস্ট জিয়াউর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেন। তাঁর বক্তব্যে ধনী ও দরিদ্র দেশগুলোর বৈষম্য, দারিদ্র্য ও ক্ষুধা, অর্থনৈতিক উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তা গুরুত্ব পেয়েছিল।

এর ১৩ বছর পর ১৯৯৩ সালের ১ অক্টোবর জাতিসংঘ সাধারণ পরিষদের ৪৮তম অধিবেশনে বক্তব্য দেন খালেদা জিয়া। পরবর্তী সময়ে ১৯৯৫ সালে জাতিসংঘের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীর স্মারক সভা, ২০০২ সালে শিশুবিষয়ক বিশেষ অধিবেশন এবং ২০০৫ সালে সাধারণ পরিষদের ৬০তম অধিবেশনের বিভিন্ন আয়োজনে তিনি বক্তব্য দেন।

জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, এবারের অধিবেশনের উচ্চপর্যায়ের কার্যক্রম ১৮ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর