রাজধানীর তেজগাঁও কলেজ মসজিদ থেকে জঙ্গি সন্দেহে ২৩ জনকে আটক করেছে পুলিশ। আটকের সময় তাদের কাছ থেকে ২২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, দুটি বাটন ফোন ও একটি বই উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে তেজগাঁও কলেজ মসজিদ থেকে তাদের আটক করা হয়।
আটক ২৩ জনের মধ্যে ১৩ জনের নাম প্রাথমিকভাবে জানা গেছে। তারা হলেন—শিহাব উদ্দীন, আফিফ আহমেদ, সাজ্জাদ হোসেন, নজরুল, জিয়া উদ্দিন, হৃদয়, উদয়, শাওন, আজাদ, মেহেদী, রাকিব, জুনায়েদ আহমেদ ও মেহেদী হাসান। বাকি ১০ জনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশের সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মসজিদে তাদের কথিত বৈঠক চলাকালে আটক করা হয়। পরে তাদের তেজগাঁও থানায় নেওয়া হয়। এরপর সংশ্লিষ্ট অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) কর্মকর্তারা যাচাই-বাছাই ও জিজ্ঞাসাবাদের জন্য তাদের সিটিটিসির হেফাজতে নেন।
আরও পড়ুন
২৩ জনকে আটকের ঘটনায় প্রকৃত তথ্য প্রকাশের অনুরোধ তেজগাঁও কলেজের
তেজগাঁও কলেজ থেকে জঙ্গি সন্দেহে ২৩ জন আটক
তবে আটক ব্যক্তিদের একজন শিহাব উদ্দীন প্রিজন ভ্যান থেকে গণমাধ্যমকে বলেন, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে তারা মসজিদে একত্রিত হয়েছিলেন। সেখানে ব্যবসা-সংক্রান্ত বিষয়ে আলোচনা করছিলেন বলে দাবি করেন তিনি। তাদের কেউ আগে একে অপরকে চিনতেন না এবং কোনো নিষিদ্ধ সংগঠনের সঙ্গেও তাদের সম্পৃক্ততা নেই বলে দাবি করেন শিহাব।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শামসুল হক বলেন, ‘আমরা প্রাথমিকভাবে তাদের জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই করছি। যাচাই-বাছাই শেষে বিস্তারিত জানানো হবে।’
একেএস/জেবি




