শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

২৩ জনকে আটকের ঘটনায় প্রকৃত তথ্য প্রকাশের অনুরোধ তেজগাঁও কলেজের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ পিএম

শেয়ার করুন:

২৩ জনকে আটকের ঘটনায় প্রকৃত তথ্য প্রকাশের অনুরোধ তেজগাঁও কলেজের
কলেজ কর্তৃপক্ষ এ ব্যাপারে বিবৃতি দিয়েছে। ছবি: সংগৃহীত

‘তেজগাঁও কলেজে বৈঠক করা অবস্থায় জঙ্গি সংগঠনের ২৩ সদস্য আটক’—এ ধরনের শিরোনামে প্রকাশিত সংবাদ নিয়ে প্রকৃত তথ্য তুলে ধরেছে তেজগাঁও কলেজ কর্তৃপক্ষ ও তেজগাঁও কলেজ মসজিদ কমিটি। এ ব্যাপারে প্রকৃত তথ্য প্রচারের অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে এক বিবৃতিতে তারা জানায়, প্রকাশিত সংবাদে ঘটনাটিকে তেজগাঁও কলেজের অভ্যন্তরে বৈঠক হিসেবে উল্লেখ করা হলেও ঘটনার প্রকৃত প্রেক্ষাপট ভিন্ন।

বিবৃতিতে বলা হয়, জুমার নামাজ শেষে কয়েকজন ব্যক্তি তেজগাঁও কলেজের প্রধান মসজিদে অবস্থান করছিলেন। মসজিদ-সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে তারা সাধারণ মুসল্লি হিসেবে নামাজ আদায় করতে এসেছেন বলে জানান। নামাজ শেষে খাবার গ্রহণ করে তারা চলে যাবেন বলেও জানা যায়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গোপন তথ্যের ভিত্তিতে মসজিদ অংশ ঘেরাও করে তাদের আটক করে নিয়ে যান।

আটক ব্যক্তিদের কেউ কেউ নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হতে পারেন বলে বিভিন্ন মাধ্যমে জানা গেলেও, এ বিষয়ে তেজগাঁও কলেজ কর্তৃপক্ষের কাছে তাদের সংশ্লিষ্টতার কোনো প্রত্যক্ষ তথ্য বা প্রমাণ নেই বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

এতে আরও বলা হয়, আটক ব্যক্তিদের তেজগাঁও কলেজের কোনো শ্রেণিকক্ষ, অফিস, বিভাগ কিংবা অন্য কোনো প্রাতিষ্ঠানিক স্থানে বৈঠক করার তথ্য কলেজ কর্তৃপক্ষের জানা নেই। একইভাবে কলেজ কর্তৃপক্ষ বা মসজিদ-সংশ্লিষ্ট স্টাফদের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততার তথ্যও পাওয়া যায়নি।

আরও পড়ুন

প্রথম ধাপে কলেজ পেল ৯ লাখ ৮০ হাজার শিক্ষার্থী

বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, সেই কলেজছাত্র গ্রেফতার

বিবৃতিতে বলা হয়, তেজগাঁও কলেজ মসজিদ কলেজ প্রাঙ্গণের একটি পৃথক ধর্মীয় উপাসনাস্থল। সেখানে মুসল্লিরা নামাজ ও ইবাদতের জন্য আসেন। তাই মসজিদে কোনো ব্যক্তির উপস্থিতিকে কলেজের প্রাতিষ্ঠানিক কার্যক্রম বা কলেজ কর্তৃপক্ষের সঙ্গে সম্পৃক্ত হিসেবে উপস্থাপন করা হলে ঘটনার প্রকৃত প্রেক্ষাপট যথাযথভাবে প্রতিফলিত নাও হতে পারে।

তেজগাঁও কলেজ কর্তৃপক্ষ যেকোনো ধরনের জঙ্গিবাদ, সন্ত্রাস, নিষিদ্ধ সংগঠন ও আইনবিরোধী কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে দেশের প্রচলিত আইন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি পূর্ণ শ্রদ্ধা ও আস্থা প্রকাশ করেছে।

একই সঙ্গে গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীল সাংবাদিকতার প্রতি শ্রদ্ধা জানিয়ে সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোর প্রতি ঘটনাটি নিয়ে সংবাদ প্রকাশ বা পরবর্তী প্রতিবেদনের ক্ষেত্রে স্থান, প্রেক্ষাপট ও সংশ্লিষ্টতার বিষয়গুলো যথাযথভাবে যাচাই করে প্রকৃত তথ্য তুলে ধরার অনুরোধ জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

প্রয়োজনে ঘটনার বিষয়ে তেজগাঁও কলেজ কর্তৃপক্ষের বক্তব্য গ্রহণ করে তা সংবাদে যথাযথভাবে উপস্থাপনেরও অনুরোধ জানানো হয়েছে।

বিবৃতিতে স্বাক্ষর করেছেন তেজগাঁও কলেজের ভারপ্রাপ্ত অধ্যাপক শামীমা ইয়াসমিন এবং তেজগাঁও কলেজ মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ও কলেজের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক এ. কে. এম. খোরশেদ আলম।

জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর