সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ইসলামী ব্যাংকের সামনে সংঘর্ষ, ঢামেকে চিকিৎসা ৬ জনের

মেডিকেল প্রতিবেদক
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ পিএম

শেয়ার করুন:

ইসলামী ব্যাংকের সামনে সংঘর্ষ, ঢামেকে চিকিৎসা ৬ জনের
রাজধানীর দিলকুশায় ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন আন্দোলনকারীরারা / সংগৃহীত ছবি

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদ পুনর্গঠন ও ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক করার দাবিতে চলমান আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর মতিঝিলে ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে লাগাতার সংঘর্ষ ও উত্তেজনার ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে রাজধানীর দিলকুশায় ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে অবস্থান কর্মসূচি পালন করছিলেন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তাসহ আন্দোলনকারীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, অবস্থান কর্মসূচি চলাকালে হঠাৎ দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হামলার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হন। আহতদের মধ্যে মিনহাজুল (২৯), কাশেম (৩৫), আজগর (৩৫), শহিদুল (৩১), মুনতাসির বিল্লাহ (৪৫) ও শাহিন ইসলামকে (২৩) উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান জানান, ছয়জনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের আঘাত গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দিলকুশা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এদিকে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলন করেছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম। সংবাদ সম্মেলনে হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। একই সঙ্গে দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

আন্দোলনকারীদের দাবিগুলোর মধ্যে রয়েছে— অবিলম্বে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন, ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক করা, চাকরিচ্যুত কর্মকর্তাদের বকেয়া পাওনা পরিশোধ এবং তাদের চাকরিতে পুনর্বহাল করা।

এমএমআর/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর