বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

বাণিজ্য-জ্বালানি ও পর্যটনে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-ইন্দোনেশিয়া

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ পিএম

শেয়ার করুন:

বাণিজ্য-জ্বালানি ও পর্যটনে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-ইন্দোনেশিয়া
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের বৈঠক। ছবি: সংগৃহীত

ব্যবসা-বাণিজ্য, জ্বালানি, পর্যটন ও দুর্যোগ ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ ও ইন্দোনেশিয়া।

বুধবার (৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত লিস্টিয়োওয়াতি। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে বাণিজ্য ও ব্যবসা, জ্বালানি খাতে বিনিয়োগ, দুর্যোগ ব্যবস্থাপনা, শিক্ষা ও প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি, পর্যটন, সাংস্কৃতিক বিনিময়, জনগণের মধ্যে যোগাযোগ, কনস্যুলার সেবা, উচ্চপর্যায়ের সফর বিনিময় এবং আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা করা হয়।

দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার ও বহুমুখী করার লক্ষ্যে বাংলাদেশ থেকে পণ্য ও সেবা আমদানি বাড়ানোর জন্য ইন্দোনেশিয়ার প্রতি আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একই সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ককে ‘কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট’ (সিইপিএ)-এর পর্যায়ে উন্নীত করতে বাংলাদেশের প্রস্তুতির কথাও জানান তিনি।

পর্যটন, সাংস্কৃতিক বিনিময় ও দুই দেশের নাগরিকদের মধ্যে যোগাযোগ বাড়াতে বাংলাদেশি নাগরিকদের জন্য ইন্দোনেশিয়ার ভিসা প্রক্রিয়া সহজ করার অনুরোধ জানান প্রতিমন্ত্রী। জবাবে রাষ্ট্রদূত লিস্টিয়োওয়াতি ওষুধসহ বাংলাদেশি পণ্যের রপ্তানি বহুমুখীকরণে ইন্দোনেশিয়ার সর্বাত্মক সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের ভূমিকা চান প্রধানমন্ত্রী

হাসিনার প্রত্যর্পণ নিয়ে ঢাকাকে ‘স্পষ্ট বার্তা’ দিল্লির

বাংলাদেশ ও ইন্দোনেশিয়া উভয় দেশই প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে রয়েছে উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের আগ্রহ প্রকাশ করেন হুমায়ুন কবির।

এ প্রস্তাবে সমর্থন জানিয়ে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে দুই দেশের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, সেরা চর্চা ভাগাভাগি এবং সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

এ ছাড়া আসিয়ানের ‘সেক্টোরাল ডায়ালগ পার্টনার’ হওয়ার পাশাপাশি ‘রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ’ (আরসিইপি)-এ বাংলাদেশের যোগদানের বিষয়ে ইন্দোনেশিয়ার সমর্থন কামনা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। জবাবে রাষ্ট্রদূত লিস্টিয়োওয়াতি বাংলাদেশের এসব উদ্যোগে ইন্দোনেশিয়ার ধারাবাহিক সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দেন।

বৈঠক শেষে দুই দেশের প্রতিনিধিরা দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এসএইচ/জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর