সৌদি আরবের তায়েফ থেকে জেদ্দা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় চারজন বাংলাদেশি প্রবাসীর মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রতিমন্ত্রী মো নুরুল হক নুর।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক শোকবার্তায় বিষয়টি জানানো হয়।
শোকবার্তায় তারা জানান, সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে নিহতদের ব্যাপারে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে। নিহত প্রবাসী ভাইদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং তাদের পরিবারের জন্য প্রয়োজনীয় সব ধরনের সরকারি সহায়তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করা হবে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং প্রতিমন্ত্রী মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গকে এই অসীম কষ্ট সহ্য করার শক্তি দানের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানান।
এর আগে সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে রিয়াদ–তায়েফ সড়কের রিদওয়ান ব্রিজের প্রায় ৭ কিলোমিটার পর আল-হাওয়িয়াহর দিকে একটি ইনোভা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলেই চার বাংলাদেশির মৃত্যু হয়।
নিহতরা হলেন- করিম উদ্দিন, খালিদ মিয়া, আমিন মিয়া এবং শাহ আলম।
দুর্ঘটনা-সংক্রান্ত আরবি নথি অনুযায়ী, নিহত চারজনই সিলেটের। এর মধ্যে করিম উদ্দিন ও খালিদ মিয়ার বাড়ি কানাইঘাট উপজেলায়। নিহতদের মরদেহ বর্তমানে আল-মুইয়্যাহ হাসপাতালে রাখা হয়েছে।
এমআইকে/এএইচ



