মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সংসদীয় কমিটির তদারকি জোরদারের তাগিদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ পিএম

শেয়ার করুন:

উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সংসদীয় কমিটির তদারকি জোরদারের তাগিদ
ছবি: কৃত্রিম বুদ্ধিমত্তা

উন্নয়ন প্রকল্পগুলোর সুষ্ঠু ও যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে সংসদীয় কমিটির তদারকি আরও জোরদার করার তাগিদ দিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কমিটির সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের অংশগ্রহণমূলকভাবে কাজ করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির প্রথম বৈঠকে মন্ত্রণালয়ের চলমান প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।

বৈঠকের শুরুতে কমিটির সভাপতি, সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে একটি পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এরপর পরিকল্পনা মন্ত্রণালয় ও এর আওতাধীন বিভিন্ন বিভাগের সার্বিক কার্যাবলি সম্পর্কে একটি বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করা হয়। এই কমিটির প্রথম বৈঠকেই মন্ত্রণালয়ের অধীনে থাকা চলমান উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি এবং ভবিষ্যৎ কার্যপ্রণালী নিয়ে বিশদ পর্যালোচনা করেন সদস্যরা।

বৈঠকে কমিটির সদস্য এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী উন্নয়ন প্রকল্পগুলোর সুষ্ঠু বাস্তবায়নে সংসদীয় কমিটির তৎপরতার ওপর বিশেষ গুরুত্বারোপ করে তিনি বলেন, সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে কমিটির সব সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের অংশগ্রহণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে মন্ত্রণালয়কে সার্বিক সহযোগিতা করতে হবে।

সভাপতির বক্তব্যে জহির উদ্দিন স্বপন আশা প্রকাশ করে বলেন, জনগণের প্রতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে এই স্থায়ী কমিটি তার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবে। সংসদীয় কমিটির নিবিড় তদারকি পরিকল্পনা মন্ত্রণালয়ের কাজে আরও গতিশীলতা ও স্বচ্ছতা আনবে।

এই বৈঠকে কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি, সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম, সংসদ সদস্য মঈনুল ইসলাম খান, সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম, সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম, সংসদ সদস্য মোসা. ফরিদা ইয়াসমিন, সংসদ সদস্য মো. সাইফুল আলম এবং সংসদ সদস্য রাশেদুল ইসলাম রাশেদ অংশ নেন।

এ ছাড়াও বৈঠকে পরিকল্পনা কমিশনের সদস্যবৃন্দ, পরিকল্পনা বিভাগ এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিববৃন্দ, বিপিপিএ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা, পরিকল্পনা মন্ত্রণালয়ের আওতাধীন অধিদফতরগুলোর মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রধান ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমএইচএইচ/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর