সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

মিরপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ পিএম

শেয়ার করুন:

মিরপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ১
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরের শাহআলী থানা এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মেহেদী হাসান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শাহআলী মাজারের পাশে কাচ্চি ভাইয়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে। 

ছুরিকাঘাতে গুরুতর আহত মেহেদীকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়।

নিহতের স্ত্রী রাত্রি জানান, পাঁচ বছর আগে তাদের বিয়ে হয়। তিন ভাই ও এক বোনের মধ্যে মেহেদী ছিলেন সবার ছোট। তিনি বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের সাইনবোর্ড তৈরির কাজ করতেন।

রাত্রি বলেন, রাত সাড়ে ১২টার দিকে থানা পুলিশের মাধ্যমে তারা জানতে পারেন, শাহআলী মাজারের পাশে কাচ্চি ভাইয়ের দোকানের সামনে দুর্বৃত্তরা মেহেদীকে ছুরিকাঘাত করেছে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়।

নিহতের বড় ভাই সোহেল হোসেন বলেন, এ ঘটনায় একজনকে পুলিশ আটক করেছে বলে তারা জানতে পেরেছেন। তিনি তার ভাই হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন।

শাহআলী থানার উপপরিদর্শক (এসআই) আতোয়ার রহমান জানান, মধ্যরাতে শাহআলী মাজারের পাশে কাচ্চি ভাইয়ের দোকানের সামনে ছুরি-চাকুসহ এক ব্যক্তিকে আটক করা হয়। 

এর কিছুক্ষণ পর পুলিশ জানতে পারে, আটক ওই ব্যক্তি কাছাকাছি এক যুবককে ছুরিকাঘাত করেছেন। পরে আহত যুবককে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়।

এসআই আতোয়ার রহমান আরও জানান, নিহত মেহেদী হাসানের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ গ্রামে। তার বাবার নাম মো. আলম। তিনি রাজধানীর মিরপুরের বড়বাগ এলাকায় বসবাস করতেন এবং পেশায় সাইনবোর্ড কারিগর ছিলেন।

পুলিশ জানায়, ঘটনাটি ছিনতাইয়ের উদ্দেশ্যে ঘটেছে, নাকি পূর্বশত্রুতার জেরে—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।

এমএমআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর