মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

City Bank CityTouch

ধউর-আশুলিয়া সার্ভিস লেনে সেতু খুলছে বুধবার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ পিএম

শেয়ার করুন:

ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু খুলছে বুধবার
ছবি: সংগৃহীত

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের ধউর মোড় থেকে আশুলিয়া বাজার পর্যন্ত অংশের সার্ভিস লেন সাধারণ যানবাহন চলাচলের জন্য বুধবার (২ সেপ্টেম্বর) খুলে দেওয়া হচ্ছে। এটি ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় প্রথম কোনো অংশ, যা সাধারণ মানুষের যান চলাচলের জন্য উন্মুক্ত করা হচ্ছে।

এর ফলে ঢাকার উত্তরা থেকে আশুলিয়াগামী যানবাহনের চলাচল সহজ হবে। একই সঙ্গে আশুলিয়া থেকে ঢাকার দিকের যানবাহন চলাচলেও সুবিধা তৈরি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম। তিনি জানান, প্রকল্পের আওতায় এটিই প্রথম অংশ, যার সুবিধা সাধারণ মানুষ পাবেন। বুধবার থেকে সার্ভিস লেনটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদার জানান, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের ধউর মোড় থেকে আশুলিয়া পর্যন্ত দুই লেনবিশিষ্ট দুটি সার্ভিস সেতু যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা হবে। প্রতিটি সেতুর দৈর্ঘ্য ৩ দশমিক ৭১ কিলোমিটার।

তিনি জানান, বুধবার সকাল ১০টায় ধউর সেতুর ওপর সেতু দুটি উন্মুক্ত করার অনুষ্ঠান হবে। এতে সেতুমন্ত্রী শেখ রবিউল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

প্রকল্প সূত্রে জানা গেছে, তুরাগ নদীর স্বাভাবিক পানি প্রবাহ যাতে বাধাগ্রস্ত না হয়, সেভাবেই সার্ভিস লেন ও মূল এলিভেটেড এক্সপ্রেসওয়ের নকশা করা হয়েছে। মূল এলিভেটেড এক্সপ্রেসওয়ের পাশাপাশি স্থানীয় যানবাহন চলাচলের জন্য উড়ালপথে দুই লেনের পৃথক দুটি সার্ভিস লেন নির্মাণ করা হচ্ছে।

ধউর মোড় থেকে আশুলিয়া পর্যন্ত প্রায় ৩ দশমিক ৭১ কিলোমিটার অংশের সার্ভিস লেনের নির্মাণকাজ গত আগস্ট মাসে শেষ হয়েছে। এরই মধ্যে সার্ভিস লেনে কালো পিচ ঢালাই ও সড়কের রোড মার্কিংয়ের কাজও সম্পন্ন হয়েছে।

প্রকল্পের আওতায় নির্মিত এই সার্ভিস লেন চালু হলে উত্তরা, ধউর ও আশুলিয়া এলাকার স্থানীয় যানবাহনের জন্য নতুন একটি চলাচলপথ তৈরি হবে। এতে প্রধান সড়কের ওপর চাপ কিছুটা কমার পাশাপাশি ওই এলাকার যান চলাচলে গতি বাড়তে পারে।

এএইচ/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর