সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ঢাকা

লম্বা সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দায়িত্ব সামলাবেন কে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৬, ১২:৩৪ পিএম

শেয়ার করুন:

লম্বা সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দায়িত্ব সামলাবেন কে
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী ড. খলিলুর রহমান

দুই মাসের লম্বা সফরে মার্কিন যুক্তরাষ্ট্রে উড়ে যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী ড. খলিলুর রহমান। সেখানে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করবেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণাল‌য় সূত্রে জানা গেছে, আজ সোমবার (৩১ আগস্ট) দিনগত রাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা দেবেন পররাষ্ট্রমন্ত্রী।

আগামী ৮ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন আনুষ্ঠানিকভাবে শুরু হবে। ২২ সেপ্টেম্বর রাষ্ট্র ও সরকারপ্রধানদের ভাষণের মধ্য দিয়ে শুরু হবে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক। 

ওই অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করবেন ড. খলিলুর রহমান। গত ২ জুন জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিরা নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে অনুষ্ঠিত নির্বাচনে গোপন ব্যালটের মাধ্যমে তাকে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত করেন। 

আরও পড়ুন: দায়িত্ব বাড়ল পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের

দুই মাস পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাবেন কে?

এ বিষয়ে রোববার (৩০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক পরিপত্রে জানানো হয়, নিজের দায়িত্বের পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের অনুপস্থিতিতে তার সব বিষয়েই সহায়তা করবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির।

পরিপত্রে বলা হয়, রুলস অব বিজনেস, ১৯৯৬ অনুযায়ী প্রতিমন্ত্রীদ্বয়ের নিকট অর্পিত নির্দিষ্ট দায়িত্বের বাইরেও হুমায়ুন কবির অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পররাষ্ট্রমন্ত্রী নতুন দায়িত্বে যুক্ত হওয়ার ক্ষেত্রে তার দুই মাসের অনুপস্থিতিতে মন্ত্রণালয়ের কাজ যাতে ব্যাহত না হয় এবং বৈদেশিক নীতির ধারাবাহিকতা বজায় থাকে, সেজন্যই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

গত ২১ আগস্ট বর্তমান সরকারের মন্ত্রিসভার রদবদলে হুমায়ুন কবিরকে টেকনোক্র্যাট হিসেবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিয়োগ দেওয়া হয়। শামা ওবায়েদ ইসলামও পদে বহাল থাকেন।

এরপর ২৩ আগস্ট জারি করা এক পরিপত্রে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী-১ এবং শামা ওবায়েদ ইসলামকে প্রতিমন্ত্রী-২ হিসেবে চিহ্নিত করে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়। দেশের ইতিহাসে এই প্রথম এক মন্ত্রণালয়ে দুজনকে প্রতিমন্ত্রী করা হলো।

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর