রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ঢাকা

দায়িত্ব বাড়ল পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৬, ০৭:৪৬ পিএম

শেয়ার করুন:

দায়িত্ব বাড়ল পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবিরের দায়িত্ব আরও বাড়ল। নিজের দায়িত্বের পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের অনুপস্থিতিতে তার সব বিষয়েই মন্ত্রীকে সহায়তা করবেন তিনি। 

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালনকালে একটা লম্বা সময় দেশের বাইরে অবস্থান করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। সে সময় এই বাড়তি দায়িত্ব সামলাবেন হুমায়ুন কবির।

রোববার (৩০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা পরিপত্রে এ তথ্য জানানো হয়েছে। 

পরিপত্রে বলা হয়, রুলস অব বিজনেস, ১৯৯৬ অনুযায়ী প্রতিমন্ত্রীদ্বয়ের নিকট অর্পিত নির্দিষ্ট দায়িত্বের বাইরেও হুমায়ুন কবির অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পররাষ্ট্রমন্ত্রী নতুন দায়িত্বে যুক্ত হওয়ার ক্ষেত্রে তার এ অনুপস্থিতিতে মন্ত্রণালয়ের কাজ যাতে ব্যাহত না হয় এবং বৈদেশিক নীতির ধারাবাহিকতা বজায় থাকে, সেজন্যই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের পর পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পান ড. খলিলুর রহমান।

গত ২ জুন জাতিসংঘ সদর দফতরে গোপন ব্যালটে ড. খলিলুর রহমান সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস কাকৌরিসকে ৯৯-৯১ ভোটে হারিয়ে ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন। ৮ সেপ্টেম্বর থেকে এক বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন। এ সময় তিনি নিউইয়র্কসহ বিভিন্ন দেশে দীর্ঘ সময় অবস্থান করবেন।


এদিকে, গত ২১ আগস্ট বর্তমান সরকারের মন্ত্রিসভার রদবদলে হুমায়ুন কবিরকে টেকনোক্র্যাট হিসেবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিয়োগ দেওয়া হয়। শামা ওবায়েদ ইসলামও পদে বহাল থাকেন।

এরপর ২৩ আগস্ট জারি করা এক পরিপত্রে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী-১ এবং শামা ওবায়েদ ইসলামকে প্রতিমন্ত্রী-২ হিসেবে চিহ্নিত করে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়। দেশের ইতিহাসে এই প্রথম এক মন্ত্রণালয়ে দুজনকে প্রতিমন্ত্রী করা হলো।

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর