রাজধানীর শ্যামবাজার এলাকায় অবৈধভাবে পলিথিন বিক্রি ও গুদামজাত করার বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি), পরিবেশ অধিদপ্তর ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
অভিযানে দুটি গুদাম থেকে ১৪২ বস্তায় ৪ হাজার ৮১৫ কেজি পলিথিন জব্দ করা হয়েছে। একই সঙ্গে দুই ব্যবসায়ীকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) বিকেল ৪টার দিকে ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে অবৈধভাবে পলিথিন বিক্রি ও গুদামজাত করার অপরাধে দুই ব্যবসায়ীকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬(ক) ধারা এবং ১৫(১) উপধারার টেবিল ৪(খ) অনুযায়ী ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার বিষয়ে তাদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।
এ সময় শ্যামবাজারের দুটি গুদাম থেকে মোট ১৪২ বস্তা পলিথিন জব্দ করা হয়। জব্দ করা পলিথিনের পরিমাণ ৪ হাজার ৮১৫ কেজি, যার আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ১৮ হাজার ৪৫০ টাকা।
জব্দ করা পলিথিন পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য পরিবেশ অধিদপ্তরের ঢাকা মহানগর কার্যালয়ের পরিদর্শক মুহাম্মদ মোতাহার হোসেনের হেফাজতে দেওয়া হয়েছে।
অভিযানে শ্যামবাজার মার্কেটের সভাপতি গণি মিয়া, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মুহাম্মদ মোতাহার হোসেন, সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল) ফেরদৌস মেহবুবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
জনস্বার্থে অবৈধ পলিথিন বিক্রি ও গুদামজাতকরণের বিরুদ্ধে ডিএসসিসি ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএসসিসি।
এমএইচ/এএম




