ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শেখ ফজলুল করীম মারুফ বলেছেন, বসবাসের অযোগ্য নগরের তালিকায় শীর্ষ তিনে থাকার জন্য ঢাকার আবহাওয়া যেন প্রতিযোগিতা করছে। নগর নিয়ে পরিকল্পিত উদ্যোগের অভাবে স্বপ্নের ঢাকা দিন দিন মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে। বিশেষ করে পলিথিন ও প্লাস্টিকের অতিরিক্ত ব্যবহার মানুষকে অজান্তেই মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে।
তিনি বলেন, সচেতন নগরবাসী আজ বাঁচার আকুতি জানাচ্ছে। তাদের আল্লাহ প্রদত্ত স্বাভাবিক পরিবেশে বেঁচে থাকার সুযোগ করে দেওয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রধান দায়িত্ব। তাই নগরবাসীকে বাঁচাতে পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার সীমিত করতে হবে।
রোববার (২৩ আগস্ট) ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের আওতাধীন হাজারীবাগ থানায় আয়োজিত তৃণমূল দায়িত্বশীলদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শেখ ফজলুল করীম মারুফ বলেন, বারবার পলিথিন নিষিদ্ধের বিষয়ে জোরালো ঘোষণা দেওয়া হলেও কর্তৃপক্ষের সদিচ্ছার অভাবে তা পুরোপুরি বাস্তবায়ন হয়নি। পলিথিনের বিকল্প হিসেবে সোনালি আঁশ পাটের ব্যবহার বাড়াতে রাষ্ট্রীয়ভাবে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি কার্যকর পদক্ষেপ নিতে হবে।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি কে এম শরীয়াতুল্লাহ বলেন, ঢাকা মহানগরকে নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দীর্ঘমেয়াদি, নির্দিষ্ট ও সুপরিকল্পিত পরিকল্পনা রয়েছে। একটি দেশের রাজধানী যেভাবে পরিকল্পিত হওয়া প্রয়োজন, তার সামান্য অংশও ঢাকায় নেই। এভাবে চলতে থাকলে জনগণ ও দেশ মারাত্মক ঝুঁকির মুখে পড়বে।
তিনি আরও বলেন, তেল, গ্যাস ও বিদ্যুৎ নিয়ে বর্তমানে দুর্ভিক্ষের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। অথচ কার্যকর কোনো পদক্ষেপ নেই, আছে শুধু কর্তৃপক্ষের কথার ফুলঝুরি। মনে রাখতে হবে, জোর করে মানুষকে দাবিয়ে রাখা যায় না। যেকোনো সময় আন্দোলনের মুখে ক্ষমতার মসনদও নড়ে উঠতে পারে।
মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য শাইখ নূরুল বশর আজিজী, ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক মুফতী ওমর ফারুক, সহ-নির্বাচন ও জনপ্রতিনিধি সম্পাদক মুহাম্মাদ আবু হানিফসহ হাজারীবাগ থানা, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের নেতৃবৃন্দ।
এমআর/এএস




