শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ঢাকা

চিকিৎসা করাতে ঢাকায় এসে ছিনতাইকারীর হাতে প্রাণ দিলেন শিক্ষিকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৬, ০৭:০৫ পিএম

শেয়ার করুন:

চিকিৎসা করাতে ঢাকায় এসে ছিনতাইকারীর হাতে প্রাণ দিলেন শিক্ষিকা
নিহত শিক্ষিকা রনজিনা পারভীন। ছবি: সংগৃহীত

চোখের চিকিৎসা করাতে বগুড়া থেকে স্বামীর সঙ্গে ঢাকায় এসেছিলেন রনজিনা পারভীন। ভোরে বাস থেকে নেমে রিকশায় করে যাচ্ছিলেন হাসপাতালে। চিকিৎসকের কাছে পৌঁছানোর আগেই জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর ব্যাগ টানার শিকার হয়ে রিকশা থেকে ছিটকে পড়েন তিনি। মাথায় গুরুতর আঘাত নিয়ে হাসপাতালে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রনজিনা পারভীন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। চিকিৎসার জন্য ঢাকায় এসে এভাবে তার প্রাণহানিতে স্বজন, সহকর্মী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার (২৮ আগস্ট) রাতে চোখের চিকিৎসার জন্য স্বামীর সঙ্গে বগুড়া থেকে ঢাকার উদ্দেশে রওনা হন রনজিনা পারভীন। শনিবার ভোরে তারা গাবতলী বাস টার্মিনালে পৌঁছান। সেখান থেকে রিকশায় করে ফার্মগেটের ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালে যাচ্ছিলেন তারা।

আরও পড়ুন

সংসদের সামনে ছিনতাইকারীর টান, রিকশা থেকে পড়ে প্রাণ গেল শিক্ষিকার

বিয়ের লোভ দেখিয়ে পরিষদ কক্ষে শিক্ষিকাকে চেয়ারম্যানের ‘ধর্ষণ’

রিকশাটি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে পৌঁছালে পেছন থেকে একটি মোটরসাইকেলে করে ছিনতাইকারীরা এসে রনজিনা পারভীনের ব্যাগ ধরে হেঁচকা টান দেয়। আকস্মিক টানে ভারসাম্য হারিয়ে রিকশা থেকে সড়কে ছিটকে পড়ে যান তিনি। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে।

পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান শুরু করেছে পুলিশ। শেরেবাংলা নগর থানার ওসি মনিরুল ইসলাম জানান, ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, ঘটনার সঙ্গে জড়িত মোটরসাইকেল ও ব্যক্তিদের শনাক্তে কাজ চলছে। আশা করা হচ্ছে, দ্রুত তাদের শনাক্ত করে গ্রেফতার করা সম্ভব হবে।

এ ঘটনায় নিহতের পরিবারের সদস্যরা গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর