সদস্যদের জন্য দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প করেছে কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা (সিজেএফডি)। সদস্যদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যেদেরও চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) মিলনায়তনে এই হেলথ ক্যাম্প আয়োজন করে সংগঠনটি।
এতে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে চিকিৎসাপত্র, বিভিন্ন টেস্ট ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়েছে। হেলথ ক্যাম্পে সিবিসি, ক্রিয়েটিনিন, আরবিএস, লিপিড প্রোফাইল, এইচবিএস১সি, ইসিজি, আল্ট্রাসাউন্ডসহ বিভিন্ন পরীক্ষা করেছেন ১২০ জন এবং প্রায় ২০০ জনকে দেওয়া হয়েছে প্রয়োজনীয় ঔষধ।
এই হেলথ ক্যাম্পের চিকিৎসা সেবা সমন্বয় করেছে ড্রিমার্স কনসালটেশন অ্যান্ড রিসার্চ (ডিসিআর)। কর্মসূচির উদ্বোধন করেন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন অর রশীদ।
এতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সাবেক আঞ্চলিক উপদেষ্টা ও স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের সদস্য ড. আবু মুহাম্মদ জাকির হোসেন, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ডা. গোলাম সারওয়ার লিয়াকত হোসেন ভূঁইয়া, ড্রিমার্স কনসালটেশন অ্যান্ড রিসার্চ (ডিসিআর)-এর পরিচালক ও সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ ইলিয়াস ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল উপস্থিত ছিলেন।
সিজেএফডির সভাপতি সাঈদ আহমেদ খানের সভাপতিত্বে কর্মসূচির সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন জসিম।
হেলথ ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে সেবা দেন- ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার (রাসকিন), নিউরোসার্জন অধ্যাপক ডা. মাহফুজুর রহমান, চক্ষু বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডা. জাকিয়া সুলতানা নীলা, গাইনি বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডা. রুশদানা রহমান (তমা) এবং ডিসিআর এর ৩০ জনের চিকিৎসক টিম।
হেলথ ক্যাম্পে যাবতীয় ঔষধ সরবরাহ করে দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি, বায়োফার্মা লিমিটেড ও কসমো ফার্মা ল্যাবরেটরিজ লিমিটেড। আর খন্দকার টি’র সৌজন্যে ছিল চা-কফির ব্যবস্থা।
সন্ধ্যায় এই ক্যাম্পে স্বেচ্ছাসেবায় বেস্ট পারফর্মাদের অনুভূতি প্রকাশ ও শুভেচ্ছা পুরষ্কার তুলে দেওয়া হয়।
এসএইচ/এএম




