সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা কারখানার অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির মরদেহ ঢাকায় পৌঁছেছে। বাকি ৭ বাংলাদেশির মরদেহও ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৪০ নম্বর ফ্লাইটযোগে মরদেহগুলো দেশে পৌঁছায়।
দেশে পৌঁছানো ৯ মরদেহগুলোর মধ্যে ৭ জনের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলায়। আর বাকি দুজন নাটোর ও রাজশাহীর।
মরদেহ গ্রহণ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, ‘আমরা মর্মাহত, তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। ৯ জনের মরদেহ আপাতত আনা সম্ভব হয়েছে। অতি দ্রুত বাকি ৭ জনের মরদেহও ফিরিয়ে আনা হবে।’
প্রতিমন্ত্রী আরও জানান, মরদেহগুলোর পরিচয় শনাক্তের জন্য ডিএনএ টেস্ট করা হবে। এজন্য স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
এসময় বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ‘প্রবাসীদের মরদেহ বাড়ি পর্যন্ত পৌঁছানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা হচ্ছে।’
তিনি বলেন, ‘কিছু ওয়ারিশদের তালিকা এখনো পাওয়া যায়নি, পেলেই আর্থিক সহযোগিতার ব্যবস্থা করা হবে।’
গত ৯ আগস্ট রিয়াদের একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু হয়। আঙুলের ছাপ পরীক্ষার মাধ্যমে তাদের মধ্যে ৯ জনের পরিচয় নিশ্চিত করা হয়েছে।
এরমধ্যে নওগাঁর আত্রাইয়ের উপজেলার উদনপৈ গ্রামের মো. ফরিদ, গ-গোহালী গ্রামের রুবেল প্রামাণিক, কলিমউদ্দিন ইসলাম, মোহন আলী ও তার ছোট ভাই সুমন আলী, ডুবাই গ্রামের সোহেল রানা এবং পারকাসুন্দা গ্রামের আব্দুল জলিল সরকার রয়েছেন।
এসএইচ/এএম




