রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ঢাকা

দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৬, ১১:৩৭ এএম

শেয়ার করুন:

দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং এর অধীনস্ত দফতর-সংস্থাগুলোর গৃহীত পরিকল্পনা দ্রুতগতিতে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, অতীতে অনেক সময় সিদ্ধান্ত নেওয়ার পর তা বাস্তবায়নে বিলম্ব হয়েছে। আবার কোনো কোনো ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার পরও তা যথাযথভাবে এগোনো সম্ভব হয়নি। এখন থেকে মন্ত্রণালয়ের সব কার্যক্রম দ্রুতগতিতে বাস্তবায়ন করতে হবে।

রোববার (২৩ আগস্ট) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে নবনিযুক্ত তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমানের সঙ্গে মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং অধীনস্ত দফতর-সংস্থার প্রধানদের পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আমাদের মন্ত্রণালয়ের আমূল পরিবর্তন প্রয়োজন। প্রতিটি দফতরের জন্য পৃথক পৃথক পরিকল্পনা রয়েছে। সময় এসেছে দ্রুতগতিতে এসব পরিকল্পনা বাস্তবায়নের। 

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান, নবনিযুক্ত মন্ত্রী, প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা এবং মন্ত্রণালয়ের নিজস্ব পরিকল্পনা ও সিদ্ধান্ত অনুযায়ী কর্মসূচিগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।

ইয়াসের খান চৌধুরী বলেন, অতীতে অনেক ভালো সিদ্ধান্ত নেওয়া হলেও বাস্তবায়নের ধীরগতির কারণে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়নি। তাই এখন থেকে সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি বাস্তবায়নকেও সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা ও দফতরপ্রধানদের উদ্দেশে বলেন, যেসব সিদ্ধান্ত নেওয়া হবে, সেগুলো বাস্তবায়নের জন্য যা যা প্রয়োজন, বিধান ও নীতিমালা অনুসরণ করে দ্রুততার সঙ্গে সেই কাজ সম্পন্ন করতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ সংবাদ সংস্থা (বিএসএস), বাংলাদেশ বেতার ও বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনসহ (বিএফডিসি) মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর অবকাঠামো উন্নয়ন ও আধুনিকায়নের কাজ দ্রুত শেষ করা প্রয়োজন। এসব প্রতিষ্ঠানের কার্যক্রম সাধারণ মানুষ সরাসরি দেখে ও জানে। ফলে প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা ও সেবার মান বাড়ানো গেলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মান, পরিচিতি ও সুনাম আরও বৃদ্ধি পাবে।

প্রতিমন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের কার্যক্রমের মাধ্যমে বর্তমান সরকার কী কী করছে, তা জনগণের কাছে আরও সুন্দর, স্বচ্ছ ও কার্যকরভাবে তুলে ধরা সম্ভব হবে। এর ফলে সরকারের কর্মকাণ্ড সম্পর্কে মানুষের মধ্যে ইতিবাচক ধারণা তৈরি হবে এবং সরকারি তথ্য আরও দ্রুত মানুষের কাছে পৌঁছাবে।

নবনিযুক্ত মন্ত্রী আন্দালিব রহমানকে স্বাগত জানিয়ে ইয়াসের খান চৌধুরী বলেন, বাংলাদেশের রাজনীতি ও দেশের প্রেক্ষাপটে আন্দালিব রহমান সবার কাছেই সুপরিচিত। তিনি একজন সুসংগঠক ও গতিশীল মানুষ। আশা করি তার নেতৃত্বে মন্ত্রণালয়ের কার্যক্রম আরও গতিশীল হবে।

প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে দীর্ঘদিনের রাজনৈতিক ও কর্মসম্পর্কের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, একই মন্ত্রণালয়ে এখন একসঙ্গে কাজ করার সুযোগ তৈরি হয়েছে। এই সমন্বিত প্রচেষ্টা মন্ত্রণালয়ের কার্যক্রমে গতি আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান, প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এবং তথ্য সচিব মাহবুবা ফারজানাও বক্তব্য রাখেন। সভায় মন্ত্রণালয় ও এর অধীনস্ত বিভিন্ন দফতর-সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।

এর আগে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ফুল দিয়ে নবনিযুক্ত মন্ত্রী আন্দালিব রহমানকে স্বাগত জানান। পরে মন্ত্রণালয় এবং অধীন বিভিন্ন দফতর ও সংস্থার প্রধানরাও ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান।

এএইচ/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর