বিএনপি সরকারের মন্ত্রিসভায় প্রথম বড় রদবদলের অংশ হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন প্রধানমন্ত্রীর সাবেক পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। অন্যদিকে এ মন্ত্রণালয়ে আগে থেকেই প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করে আসা শামা ওবায়েদ ইসলামও তার নিজ পদে বহাল রয়েছেন। এর ফলে মন্ত্রী খলিলুর রহমানের অধীনে এই মন্ত্রণালয়ে এখন দুজন প্রতিমন্ত্রী কাজ করবেন।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, বর্তমান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজের পরিধি ও আন্তর্জাতিক চ্যালেঞ্জগুলো দক্ষতার সাথে মোকাবিলা করার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
টেকনোক্র্যাট কোটায় নতুন নিয়োগ পাওয়া প্রতিমন্ত্রী হুমায়ুন কবির মূলত দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন একজন পেশাদার কূটনীতিক, যিনি এর আগে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে কাজ করছিলেন। আর রাজনৈতিক নেতৃত্ব ও কূটনৈতিক যোগাযোগের সমন্বয়ে আগে থেকেই কাজ করছেন শামা ওবায়েদ ইসলাম।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আরও জানানো হয়েছে, এক মন্ত্রণালয়ে দুজন প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করলে প্রশাসনিক বা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কোনো আইনি বা কার্যপ্রণালীগত অসুবিধা নেই। বরং দায়িত্ব বণ্টনের মাধ্যমে দুজনের কাজের ক্ষেত্র সুনির্দিষ্ট করে দেওয়া হবে, যা দেশের বৈদেশিক নীতি ও আন্তর্জাতিক সম্পর্ক জোরদারে আরও বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন
হুমায়ুন কবির এত দিন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের তথ্য অনুযায়ী, প্রতিমন্ত্রীর পদমর্যাদায় তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়-সংশ্লিষ্ট উপদেষ্টার দায়িত্বেও ছিলেন।
আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতিতে দীর্ঘদিনের অভিজ্ঞতা হুমায়ুন কবিরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার অন্যতম কারণ বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এরআগে শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে শপথ নেন চারজন পূর্ণমন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রী। নতুন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আবদুল মঈন খান, রশিদুজ্জামান মিল্লাত, আন্দালিব রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। আর প্রতিমন্ত্রী হয়েছেন হুমায়ুন কবির ও মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
তবে নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের কে কোন মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্ব পাচ্ছেন, তা এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানিয়েছেন, নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন সম্পন্ন হয়েছে। এ বিষয়ে রাতে প্রজ্ঞাপন জারি করা হবে।
প্রসঙ্গত, বাংলাদেশের ইতিহাসে একই মন্ত্রণালয়ে একাধিক বা দুজন প্রতিমন্ত্রী থাকার নজির রয়েছে। অতীতেও বিভিন্ন সরকারের আমলে কাজের পরিধি ও গুরুত্ব বিবেচনা করে এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী নিয়োগ দিয়েছেন সরকারপ্রধান।
এমএইচআর




