নতুন করে ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রীর শপথের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় বড় ধরনের রদবদলের আভাস পাওয়া যাচ্ছে। এই রদবদলে বর্তমান দুই মন্ত্রী তাদের বিদ্যমান দফতর হারাতে পারেন। একই সঙ্গে নতুন শপথ নেওয়া ছয়জনকে গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার প্রস্তুতি চলছে বলে মন্ত্রিপরিষদ সূত্র জানিয়েছে।
সূত্রের তথ্য অনুযায়ী, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনকে মন্ত্রিসভার বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা করা হতে পারে। অন্যদিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতাকেও ওই মন্ত্রণালয় থেকে সরিয়ে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার সম্ভাবনা রয়েছে।
নতুন শপথ নেওয়া বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কথা রয়েছে। আর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন সদ্য পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেওয়া এম. রশিদুজ্জামান মিল্লাত।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে চারজন পূর্ণমন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রী শপথ নেন। শপথ নেওয়া চার মন্ত্রী হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, এম. রশিদুজ্জামান মিল্লাত ও সাচিং প্রু জেরী। আর প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
মন্ত্রিপরিষদ বিভাগের সূত্র বলছে, ড. আবদুল মঈন খানকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী। পার্বত্য এলাকার রাজনীতি ও স্থানীয় বাস্তবতায় তার দীর্ঘদিনের অভিজ্ঞতার কারণে এ মন্ত্রণালয়ে তাকে দায়িত্ব দেওয়ার বিষয়টি আলোচনায় রয়েছে।
অন্যদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন আন্দালিব রহমান পার্থ। বিএনপির নেতৃত্বাধীন সরকারের সঙ্গে রাজনৈতিক মিত্রতার অংশ হিসেবে বিজেপি চেয়ারম্যানকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির পর গুরুত্বপূর্ণ এ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার বিষয়টি সামনে এসেছে।
বর্তমানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা জহির উদ্দিন স্বপনকে সরিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা করার কথা রয়েছে। তবে তিনি প্রধানমন্ত্রীর কোন বিষয়ে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন, তা এখনো স্পষ্ট নয়।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়েও আসছে পরিবর্তন। বর্তমানে এ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা আফরোজা খানম রিতাকে সরিয়ে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে।
অন্যদিকে সদ্য পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেওয়া এম. রশিদুজ্জামান মিল্লাতকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে তিনি একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এবার পদোন্নতি পেয়ে পূর্ণমন্ত্রী হওয়ার পর মন্ত্রণালয়টির পূর্ণ দায়িত্বও তার হাতে তুলে দেওয়া হতে পারে।
আরও পড়ুন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়ার সম্ভাবনা রয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে বিএনপির হয়ে দীর্ঘদিন কাজ করা এবং দলের চেয়ারপারসন তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক সহযোগী হিসেবে তার অভিজ্ঞতাকে কাজে লাগাতেই তাকে এ দায়িত্ব দেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রের ধারণা।
এ ছাড়া গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হতে পারে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দফতর বণ্টনসংক্রান্ত প্রজ্ঞাপন জারি হলে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হবে।
জেবি




