শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ঢাকা

রাষ্ট্রপতির শপথ ঘিরে বঙ্গভবনে আসতে শুরু করেছেন অতিথিরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ আগস্ট ২০২৬, ০৬:১৫ পিএম

শেয়ার করুন:

রাষ্ট্রপতির শপথ ঘিরে বঙ্গভবনে আসতে শুরু করেছেন অতিথিরা

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণকে কেন্দ্র করে বঙ্গভবনে তৈরি হয়েছে এক উৎসবমুখর পরিবেশ। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে শপথ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে আমন্ত্রিত অতিথিরা একে একে বঙ্গভবনে আসতে শুরু করেছেন।

রাষ্ট্রপতির শপথ উপলক্ষে বঙ্গভবনের দরবার হল ও আশপাশের এলাকায় শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম জানিয়েছেন, শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি শেষ হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ অনুষ্ঠানটি পরিচালনা করছে।

অনুষ্ঠানে ১২ শতাধিক অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। তাদের মধ্যে প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, কূটনীতিক, সামরিক-বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন। ফলে বিকেল থেকেই বঙ্গভবন এলাকায় আমন্ত্রিত অতিথিদের সরব উপস্থিতি বাড়তে থাকে।

শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গভবনের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। বঙ্গভবন ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি বিশেষ ট্রাফিক ব্যবস্থাও নেওয়া হয়েছে। অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।

যেভাবে হবে শপথ অনুষ্ঠান

সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা রয়েছে। নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শপথবাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। পুরো অনুষ্ঠান পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান সাধারণত সংক্ষিপ্ত হলেও রাষ্ট্রীয় প্রটোকলের দিক থেকে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়োজন। আমন্ত্রিত অতিথিদের নির্ধারিত আসন, প্রবেশ ও নিরাপত্তা, প্রটোকল এবং আপ্যায়ন— সবকিছু সমন্বয় করে অনুষ্ঠানটি পরিচালনা করা হয়।

জানা গেছে, শপথ অনুষ্ঠানে বিপুলসংখ্যক অতিথির উপস্থিতি বিবেচনায় দরবার হলের পাশাপাশি বঙ্গভবনের বারান্দা ও বাইরের নির্ধারিত স্থানে এলইডি স্ক্রিনের ব্যবস্থাও রাখা হয়েছে। ফলে মূল দরবার হলে জায়গা না পাওয়া অতিথিরাও শপথ অনুষ্ঠান সরাসরি দেখার সুযোগ পাবেন।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের পর শপথ

দীর্ঘ সময় পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত নির্বাচনে তিনি ২৫৫ ভোট পেয়ে জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮ ভোট। ভোটার ছিলেন ৩৪৯ জন সংসদ সদস্য; তাদের মধ্যে ৩৪৩ জন ভোট দিয়েছেন।

ভোটের ফল ঘোষণার পর নির্বাচন কমিশন রাতে রাষ্ট্রপতি নির্বাচনের গেজেট প্রকাশ করে। এর একদিন পরই বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে শপথ নিয়ে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শপথের মধ্য দিয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেবেন তিনি। রাজনৈতিক জীবনে দীর্ঘ সময় বিএনপির নেতৃত্ব দেওয়া মির্জা ফখরুলের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিক্রমায় একটি উল্লেখযোগ্য ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

সব মিলিয়ে রাষ্ট্রপতির শপথকে ঘিরে নানা আয়োজন নিয়ে বঙ্গভবন এখন সরগরম। নির্ধারিত সময় যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে আমন্ত্রিত অতিথিদের উপস্থিতি। সন্ধ্যা সাড়ে ৭টায় আনুষ্ঠানিক শপথের মধ্য দিয়ে বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের অধ্যায় শুরু হবে।

এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর