মন্ত্রিসভায় পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দায়িত্ব গ্রহণের প্রস্তুতির অংশ হিসেবে ছয়টি সরকারি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের চাহিদা অনুযায়ী এসব গাড়ি ইতোমধ্যে সরকারি যানবাহন অধিদফতর থেকে পাঠানো হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের ব্যবহারের জন্য ছয়টি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। তবে শেষ পর্যন্ত কতটি গাড়ি ব্যবহার করা হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
সরকারি যানবাহন অধিদফতরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ছয়টি গাড়ি চাওয়া হয়েছিল। সেই অনুযায়ী ছয়টি গাড়িই পাঠানো হয়েছে। এখন সেখান থেকে কতটি ব্যবহার করা হবে, সেটি মন্ত্রিপরিষদ বিভাগই নির্ধারণ করবে।
এদিকে সরকারের নতুন মন্ত্রিসভায় যুক্ত হতে পারেন এমন চারজনের নাম জানা গেছে। তারা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান এমপি, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি, বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
এ ছাড়া প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের মধ্য থেকেও দুজন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণের পরপরই মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। বঙ্গভবনের দরবার হলে আয়োজিত অনুষ্ঠানে নতুন রাষ্ট্রপতি তাদের শপথ পড়াবেন বলে মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে চলতি বছরের ফেব্রুয়ারিতে সরকার গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। প্রায় ১৯ বছর পর গঠিত দলটির নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভার আকার ছিল ৫০ সদস্যের। প্রধানমন্ত্রী ছাড়া ২৫ জন মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী তখন শপথ নিয়েছিলেন।
এমআই




