রাজধানীর অভিজাত এলাকা গুলশানে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে অভিযান চালিয়েছে পুলিশ গুলশান থানা পুলিশ। এ সময় অসামাজিক কর্মকাণ্ডে জড়িত ৫৩ জন নারী ও পুরুষকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) রাতভর গুলশানের 'হট স্টোন স্পা’ ও ‘ওয়ান সেলুন’ নামের দুটি স্পা সেন্টারে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গুলশান থানা পুলিশ সূত্র জানায়, স্পা ও সেলুনের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, দেহব্যবসা এবং অন্যান্য অপরাধমূলক কার্যক্রম পরিচালনার গোপন সংবাদের ভিত্তিতে রাতে গুলশানে ‘হট স্টোন স্পা’ ও ‘ওয়ান সেলুন’ নামের দুটি স্পা সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন বয়সের ৫৩ জন নারী-পুরুষকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে ২৯ জন নারী ও ২৪ জন পুরুষ রয়েছে।
এ বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন বলেন, ‘গুলশান এলাকায় স্পা সেন্টারের আড়ালে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়া হবে না। এ ধরনের অভিযোগের বিষয়ে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।’
তিনি আরও বলেন, ‘গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
একেএস/এমআই




