মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ঢাকা

সরে দাঁড়ালেন পিএসসি চেয়ারম্যান, নেপথ্যে কী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৬, ০৬:৪২ পিএম

শেয়ার করুন:

সরে দাঁড়ালেন পিএসসি চেয়ারম্যান, নেপথ্যে কী
অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম। - ফাইল ছবি

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম পদত্যাগ করেছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে নিজের পদত্যাগপত্র জমা দেন।

মঙ্গলবার দুপুর ২টার দিকে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

পিএসসি চেয়ারম্যানের পদত্যাগের কারণ প্রসঙ্গে জনসংযোগ কর্মকর্তা মতিউর রহমান বলেন, ‘চেয়ারম্যান স্যার আমাকে জানিয়েছেন তিনি শারীরিকভাবে অসুস্থ। এমন অবস্থায় দায়িত্ব চালিয়ে যাওয়া তার পক্ষে সম্ভব নয়। এ কারণে তিনি অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।’

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। এরপর তৎকালীন পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ পিএসসির ১২ জন সদস্য পদত্যাগ করেন। ২০২৪ সালের অক্টোবর মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেমকে পিএসসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।

নেপথ্যের কারণ কী?
চেয়ারম্যান নিজে শারীরিক অসুস্থতা ও দীর্ঘদিনের শিক্ষকতা পেশায় ফেরার ইচ্ছাকে পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করলেও পিএসসির একাধিক দায়িত্বশীল সূত্র দাবি করেছে, সরকারের অনাগ্রহের কারণেই তিনি পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

অধ্যাপক মোবাশ্বের মোনেম দায়িত্ব নেওয়ার প্রায় দুই বছরের মাথায় পদত্যাগ করলেন। তবে মাত্র ছয় দিন আগেও তিনি ৫০তম বিসিএসের অগ্রগতি, ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি এবং বিসিএসে দক্ষতাভিত্তিক ভাইভা চালুর পরিকল্পনা নিয়ে কথা বলেছিলেন। ওই সময় তার বক্তব্যে পদত্যাগের কোনো আভাস পাওয়া যায়নি।

পদত্যাগের কারণ জানতে চাইলে অধ্যাপক মোবাশ্বের মোনেম গণমাধ্যমকে বলেন, পিএসসি চেয়ারম্যানের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ও চাপপূর্ণ। প্রায় দুই বছর দায়িত্ব পালনের পর বয়স বাড়ার পাশাপাশি ডায়াবেটিসসহ একাধিক শারীরিক সমস্যা দেখা দিয়েছে। অতিরিক্ত চাপ নিয়ে কাজ করতে শারীরিক অস্বস্তি হচ্ছে বলেও জানান তিনি।

নিজের মূল পেশায় ফেরার ইচ্ছার কথা জানিয়ে তিনি বলেন, দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন এবং শিক্ষকতা পেশাটিই তিনি সবচেয়ে বেশি উপভোগ করেন। তাই আবার শিক্ষকতায় ফিরতে চান।

তবে পিএসসির একাধিক দায়িত্বশীল সূত্র অবশ্য ভিন্ন তথ্য দিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে তারা জানিয়েছে, মূলত সরকার তাকে আর রাখতে না চাওয়ার কারণেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন অধ্যাপক মোবাশ্বের মোনেম।

সূত্রগুলো বলছে, দায়িত্ব নেওয়ার পর বিসিএসের প্রচলিত পদ্ধতিতে বেশ কিছু পরিবর্তন আনার উদ্যোগ নেন তিনি। লিখিত পরীক্ষার খাতা মূল্যায়নে ‘সার্কুলার ইভাল্যুশন সিস্টেম’ চালু করা হয়। পাশাপাশি মৌখিক পরীক্ষায় প্রচলিত পদ্ধতির পরিবর্তে ‘কম্পিটেন্সি বেজড ভাইভা’ চালুর প্রক্রিয়াও শুরু হয়। এ ছাড়া বিসিএসের প্রস্তুতিতে কোচিং নির্ভরতা কমাতে ৪৭তম বিসিএসের প্রশ্নপদ্ধতিতে পরিবর্তন আনা হয়। ভবিষ্যতে সিলেবাস ও প্রশ্নের ধরনেও আরও পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছিল।

সূত্রগুলোর দাবি, এসব পরিবর্তনের কারণে সরকারের সঙ্গে তার মতপার্থক্য তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত সরকারের অনাগ্রহই পদত্যাগের সিদ্ধান্তের অন্যতম কারণ হয়ে থাকতে পারে।

এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর