নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে সরকারের উদ্যোগে চালু হচ্ছে বিশেষ ‘মহিলা বাস’ সার্ভিস। নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে আগামীকাল মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানী ঢাকার পাশাপাশি চট্টগ্রামেও এ সার্ভিসের যাত্রা শুরু হবে।
চট্টগ্রামে প্রাথমিকভাবে দুটি বাস দিয়ে এ সার্ভিস চালু করা হবে। মঙ্গলবার সকাল ১০টায় কালুরঘাট বেতার কেন্দ্র এলাকায় বাস দুটির উদ্বোধন করা হবে। উদ্বোধনের পর বাসগুলো কালুরঘাট বেতার কেন্দ্র এলাকা থেকে নগরীর ফ্রি পোর্ট-পতেঙ্গা রুটে চলাচল করবে।
চট্টগ্রামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ। তিনি বলেন, বর্তমান সরকারের নির্বাচনি প্রতিশ্রুতির অংশ হিসেবে নারীদের যাতায়াত নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে বিশেষ বাস সার্ভিস চালু করা হচ্ছে। শুরুতে শুধু রাজধানী ঢাকায় এ সার্ভিস চালুর পরিকল্পনা থাকলেও প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ বিবেচনায় চট্টগ্রামকেও এর আওতায় আনা হয়েছে।
এরশাদ উল্লাহ বলেন, চট্টগ্রামের জন্য দুটি বাস বরাদ্দ দেওয়া হয়েছে। আগামীকাল থেকে বাস দুটি নির্ধারিত রুটে চলাচল শুরু করবে। চট্টগ্রামকে এ উদ্যোগের আওতায় রাখায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বিশেষ ‘মহিলা বাস’ সার্ভিস চট্টগ্রামেও চালু হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে জেলা প্রশাসক ও বিআরটিসির কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
একই দিন সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে বিশেষ মহিলা বাস সার্ভিসের উদ্বোধন করবেন সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
বিআরটিসি সূত্র জানায়, গোলাপি রঙের এসব বাসের চালক ও কন্ডাক্টর হিসেবেও নারীরা দায়িত্ব পালন করবেন। এর মাধ্যমে নারীদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় গণপরিবহন নিশ্চিত করার পাশাপাশি পরিবহন খাতে নারীদের কর্মসংস্থানের সুযোগও বাড়বে।
উদ্বোধনের পর নির্ধারিত রুট ও সময়সূচি অনুযায়ী এসব বাস চলাচল করবে। পর্যায়ক্রমে এ ধরনের বিশেষ বাস সার্ভিস আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
জেবি




