বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) আরও চারজন সদস্য নিয়োগ দিয়েছে সরকার।
নতুন সদস্যরা হলেন- মো. নজরুল ইসলাম, মোহাম্মদ আলী, ড. মো. ফেরদৌস হোসেন ও ইয়াসমিন গফুর।
বৃহস্পতিবার (৬ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক চারটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি জনস্বার্থে তাদের বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য হিসেবে নিয়োগ দিয়েছেন।
এতে আরও বলা হয়, সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুযায়ী দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর অথবা ৬৫ বছর বয়স পূর্ণ হওয়ার মধ্যে যেটি আগে হবে, ততদিন তারা পিএসসির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
নতুন চার সদস্য নিয়োগের ফলে পিএসসিতে সদস্য সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে।
বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তার সঙ্গে সদস্য হিসেবে রয়েছেন মো. সুজায়েত উল্যা, ড. মো. নাজমুল আমীন মজুমদার, অধ্যাপক এএসএম গোলাম হাফিজ, অধ্যাপক ড. এম সোহেল রহমান, ড. চৌধুরী সায়মা ফেরদৌস, অধ্যাপক ড. ফেরদৌস আরফিনা ওসমান, অধ্যাপক ডা. এ. টি. এম. ফরিদ উদ্দীন, অধ্যাপক ড. মো. শরীফ হোসেন, মেজর জেনারেল (অব.) মো. আনোয়ারুল ইসলাম, মো. মুনির হোসেন, অধ্যাপক ড. শাহনাজ সরকার, শাব্বির আহমদ চৌধুরী, ড. মো. মহিউদ্দিন, এম আমজাদ হোসেন, ড. মুহাম্মদ শাহীন চৌধূরী এবং এ. কে. এম. আফতাব হোসেন প্রামাণিক।
এমএইচ/এএম




