শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ঢাকা

ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে এসে যুবলীগ কর্মী আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৬, ০১:৪২ পিএম

শেয়ার করুন:

ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে এসে যুবলীগ কর্মী আটক
আটক যুবলীগ কর্মী অর্ণব দাস / ছবি: সংগৃহীত

১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে নির্মমভাবে শেখ মুজিব পরিবারকে হত্যা করায় দিনটিকে স্মরণীয় করে রাখতে শোক পালন করে থাকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলো। এ উপলক্ষে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের ভেঙে দেওয়া বাড়ি ও আশপাশের এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সকালে ফুল দিতে আসা একজনকে আটক করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সকাল থেকেই ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় অবস্থান করে এমন চিত্র চোখে পড়েছে।

ভোর থেকে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর ভেঙে দেওয়া বাড়ির সামনে সড়কের দুই পাশে পুলিশের ব্যারিকেড দেখা যায়। বাড়ির সামনের সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সড়কটি দিয়ে হেঁটেও কাউকে চলাচল করতে দেওয়া হচ্ছে না। সকাল থেকে বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা সেখানে জড়ো হয়েছেন। উৎসুক লোকজনকেও ভিড় করতে দেখা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি চোখে পড়েছে। পুলিশের সাঁজোয়া যানও প্রস্তুত রাখা হয়েছে।

সকাল সোয়া ১০টার দিকে শেখ মুজিবুর রহমানের ভাঙা বাড়িতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে আসা একজনকে আটক করেছে পুলিশ। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ধানমন্ডি থানায় নেওয়া হয়েছে।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ইমদাদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আটক ব্যক্তির নাম অর্ণব দাস। তার বাড়ি টাঙ্গাইলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সক্রিয় কর্মী বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তিনি আরও বলেন, ১৫ আগস্ট ঘিরে শুক্রবার দিবাগত রাত থেকেই ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে পুলিশ।

এমআর/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর